বিগব্যাশ দিয়ে ফিরছেন ব্যানক্রফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যানক্রফটের সাজার মেয়াদ শেষ হচ্ছে আজ। ছবি: টুইটার
ব্যানক্রফটের সাজার মেয়াদ শেষ হচ্ছে আজ। ছবি: টুইটার
>

গত মার্চে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি করে নয় মাস নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সাজার মেয়াদ ফুরোচ্ছে আজ

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি করে নয় মাস নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের শাস্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে আজ শেষ হচ্ছে। তবে সাজা ভোগের পর ব্যানক্রফটের বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুতই তিনি ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। বিগ ব্যাশে কাল হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে পার্থ স্কোচার্স। এ ম্যাচে ব্যানক্রফটকে ১৩ সদস্যের দলে ফিরিয়েছে তাঁর ঘরোয়া দল পার্থ।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে শিরীষ কাগজ দিয়ে বল-বিকৃতি করেছিলেন ব্যানক্রফট। টেলিভিশন ক্যামেরায় যা ধরা পড়ে। এ ঘটনার ‘নাটের গুরু’ হিসেবে ডেভিড ওয়ার্নার এবং অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ ১২ মাস করে নিষিদ্ধ হন। যদিও ব্যানক্রফট কিছুদিন আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ওয়ার্নারের নির্দেশেই তিনি বল-বিকৃতি করেছিলেন। পার্থ স্কোচার্সে সম্ভবত উইকেটরক্ষক জস ইনগ্লিসের জায়গায় খেলবেন ব্যানক্রফট। চোটের কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন ইনগ্লিস।

আন্তর্জাতিক ক্রিকেট, রাজ্য ও বিগ ব্যাশে ব্যানক্রফটের খেলার ওপর নিষেধাজ্ঞা ছিল। গত নয় মাসে পার্থের ক্লাব উইলেট্টনে অনুশীলন করে নিজেকে খেলায় ধরে রেখেছেন ২৬ বছর বয়সী এ ক্রিকেটার। সাজার মেয়াদ শেষ হওয়ার আগের দিন ইনস্টাগ্রামে ব্যানক্রফট লিখেছেন, ‘ গত নয় মাসে যেসব মানুষ ও গোষ্ঠীর সঙ্গে মিশেছি তাঁদের সবাইকে ধন্যবাদ।’