বিজয় আমাদের বড় পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা
এমনিতেই অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের খোঁজখবর আমরা সব সময়ই রাখার চেষ্টা করি। নানাজনের কাছ থেকে শুনি কে ভালো খেলছে বা উঠে আসছে। সেবার শুনলাম আমাদের একটি ছেলে নাকি অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ খেলছে। সবচেয়ে বেশি রানও করেছে টুর্নামেন্টে। পরে জাতীয় লিগে একসঙ্গেই খেললাম খুলনায়। সেই প্রথম ভালো করে দেখলাম বিজয়ের (এনামুল হক) ব্যাটিং। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই অবশ্য জাতীয় লিগ খেলেছে। তবে ঢাকার হয়ে খেলেছে শুরুতে। সেভাবে তাই দেখা হয়নি। খুলনায় প্রথম ম্যাচেই খুব ভালো ব্যাটিং করেছিল।

তবে ব্যাটিংয়ের চেয়ে আলাদা করে আমার নজর কাড়ল মানসিকতায়। ওই বয়সেই দেখলাম অনেক পরিণত। কথাবার্তায় ও চিন্তাভাবনায়। এরপর তো দ্রুতই জাতীয় দলে চলে এল। সত্যি বলতে, দলে ডাক পাওয়ার পর আমার মনে হয়েছিল একটু বেশিই তাড়াতাড়ি হলো কি না। ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। ভাবছিলাম আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারবে কি না। কিন্তু ওর সেই পরিণতিবোধের প্রমাণ পেলাম আবারও। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির পর মনে হলো, এই ছেলে পারবে। যাবে অনেকদূর। সেই পথেই আছে। ওর সবচেয়ে বড় গুণ, থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলে। আমাদের দলের জন্য বড় একটি পাওয়া বিজয়।

অঙ্কন: মাসুক হেলাল
অঙ্কন: মাসুক হেলাল

ওর একটি ব্যাপার নিয়ে সমালোচনাও করেন কেউ কেউ। প্রচুর ডট বল খেলে। ওর বড় ইনিংসগুলোতে অনেক ডট বল দেখাও যায়। তবে আমি সেদিকে না তাকিয়ে বলব আগে রানসংখ্যার দিকে তাকাতে। আমাদের মতো দলে এ রকম একজন ব্যাটসম্যান খুবই দরকার, থিতু হয়ে গেলে যে একটা পাশ আগলে রাখতে পারে অনেকক্ষণ। আর ওর বয়সটাও মনে রাখা উচিত সবার। আস্তে আস্তে আরও অনেক কিছু শিখবে। ও নিজেও এটা জানে, চেষ্টার কমতি রাখছে না। নেটে প্রায়ই আমাকে বলে, ‘রাজ ভাই, তোমার এই বলে এখানে খেলে সিঙ্গেল নেব বা এই ওভারে ৫-৬টা সিঙ্গেল নেব।’ কোচ, সিনিয়রদের সঙ্গে অনেক কথাও বলে কীভাবে আরও বেশি সিঙ্গেল বের করা যায়। ওর আরেকটা ভালো গুণ, সব সময়ই শিখতে চায় এবং দ্রুত শেখে। এমনিতেই বয়সের তুলনায় বেশ পরিণত। কিন্তু জানে, উন্নতির কোনো শেষ নেই। আমি নিশ্চিত এই সমস্যা ও কাটিয়ে উঠবে, সবদিকেই আরওউন্নতি করবে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্যই সহজ হবে না। বিজয়ের জন্যও হবে না। ফুটওয়ার্ক একটু ঠিক করতে হবে, ফ্ল্যাশি শট খেলার লোভ সামলাতে হবে। তবে আগেই বলেছি, ও খুব দ্রুত শেখে। ঠিকই মানিয়ে নেবে ওখানকার উইকেটে। এখনকার ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচগুলো হবে গুরুত্বপূর্ণ। ২০১২ সালে ওই যুব বিশ্বকাপে ভালো খেলেছে বটে। তবে অত দিন আগের অভিজ্ঞতা আসলে সেভাবে কাজে দেয় না। তা ছাড়া এখন আরও বড় আসর, কঠিন লড়াই, মানসিকতাই থাকবে আলাদা। মনস্তাত্ত্বিকভাবে হয়তো একটু সাহস পাবে যে আগে এখানে খেলেছি। এটুকুই। বিজয়ের কাছে বিশ্বকাপে আমার চাওয়া থাকবে, এখনো পর্যন্ত যেভাবে খেলে চলেছে, সেটাই চালিয়ে যাওয়া। শুরুতেই খুব বেশি শট না খেলে একটু সময় নেওয়া। তারপর থিতু হতে পারলে ইনিংস টেনে নিয়ে যাওয়া। টপ অর্ডারে একজন লম্বা ইনিংস খেললে অন্যদের কাজ সহজ হয়ে যায়।
মাঠে ও ড্রেসিংরুমে বিজয় অনেক প্রাণবন্ত। চঞ্চল, উচ্ছল। খুব মিশুক, দলের ছোট-বড় সবার সঙ্গেই দ্রুত মিশতে পারে। এমন চরিত্র দলের জন্য সব সময়ই ভালো। কিপিং তো করেই, ফিল্ডিংও খুব ভালো। তবে আসল কাজ করতে হবে ব্যাটিংয়েই। ক্যারিয়ারের শুরুর দিকেই অস্ট্রেলিয়ায় এমন একটি টুর্নামেন্ট খেলা খুব ভালো হবে ওর জন্য, অনেক কিছু শিখতে পারবে। ওর সামর্থ্য আছে ক্যারিয়ারে অনেক দূর যাওয়ার। এই বিশ্বকাপ হতে পারে সেই পথে বড় এক পদক্ষেপ।