বিজয়ের গ্যাবাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাবায় অস্ট্রেলিয়ান পেসারদের শাসন করে দুর্দান্ত সেঞ্চুরি। ক্রিজে থাকা সতীর্থ অজিঙ্কা রাহানের অভিনন্দনের জবাবে মুরালি বিজয়ের (ডানে) ঝলমলে হাসি l এএফপি
গ্যাবায় অস্ট্রেলিয়ান পেসারদের শাসন করে দুর্দান্ত সেঞ্চুরি। ক্রিজে থাকা সতীর্থ অজিঙ্কা রাহানের অভিনন্দনের জবাবে মুরালি বিজয়ের (ডানে) ঝলমলে হাসি l এএফপি

স্কোরবোর্ডে কি তাকাননি মুরালি বিজয়? জানতেন না ছুঁয়ে ফেলেছেন কাঙ্ক্ষিত মাইলফলক!
৯২ থেকে শেন ওয়াটসনকে টানা দুটি বাউন্ডারিতে ছুঁলেন তিন অঙ্ক। অসাধারণ এক ইনিংস, কিন্তু বিজয়ের কোনো ভাবান্তর নেই! অজিঙ্কা রাহানে গিয়ে কিছু একটা বললেন, কেবল এরপরই হেলমেট খুলে ব্যাট বাতাসে ছুড়ে উঁচিয়ে ধরলেন ক্ষণিকের জন্য। দুর্দান্ত ইনিংসের বড্ড সাদামাটা উদ্যাপন। হয়তো নব্বইয়ে গিয়ে স্কোরবোর্ডে তাকানোই বাদ দিয়েছিলেন। হয়তো মনের কোণে তখনো ছিল অ্যাডিলেড!
গত জুলাইয়ে, লর্ডসে দারুণ ব্যাটিং করেও নাম লেখাতে পারেননি অনার্স বোর্ডে। ৯৫ রানে কট বিহাইন্ড হয়েছিলেন জেমস অ্যান্ডারসনের বলে। গত টেস্টে অ্যাডিলেডের চতুর্থ ইনিংসে আউট ৯৯ রানে। সেই আক্ষেপ পরে বেড়ে গিয়েছিল নিশ্চয়ই বহুগুণে? ভারতের অসাধারণ রানতাড়ার উল্টোরথে ছোটা শুরু ছিল আসলে বিজয়ের ওই আউটেই। এতটা কঠিন পথ পেরিয়ে এসেছেন বলেই হয়তো তৃপ্ত হলেন না সেঞ্চুরি ছুঁয়েও। ১৪৪ রানে কট বিহাইন্ড হয়ে ফেরার সময়ও নিজের ওপর কত যে বিরক্তি দেখালেন ওই শটটা খেলেছেন বলে!
বিজয় তৃপ্ত না হলেও ব্রিসবেনের প্রথম দিনটি নিশ্চয়ই তৃপ্তি দিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে? কালকের আগে গ্যাবায় ভারত টস জিতেছিল দুবার। ১৯৬৮ সালে মনসুর আলী খান পতৌদি, ২০০৩ সালে সৌরভ গাঙ্গুলী নিয়েছিলেন বোলিং। ধোনি কাল ব্যাটিং নেওয়ার দুঃসাহস দেখালেন। আরেকবার প্রমাণিত হলো, সাফল্যের প্রথম মন্ত্র বুকে বল। ব্রিসবেন দুর্গ জয়ের লড়াইয়ে প্রথম দিনটি ভারতেরই। বিজয়ের গড়ে দেওয়া ভিত্তিতে শক্ত আসন গেড়েছেন রাহানে। প্রথম দিনে ৮৩ ওভারেই ভারত তুলেছে ৪ উইকেটে ৩১১। ব্রিসবেনের প্রথম দিনে সফরকারী দল তিন শ ছুঁতে পেরেছে ইতিহাসে আর একবারই। ১৯৬০ সালের সেই বিখ্যাত টাই টেস্টে গ্যারি সোবার্সের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনে তুলেছিল ৭ উইকেটে ৩৫৯।
স্কোরকার্ড যা বলছে, অস্ট্রেলিয়ার অবস্থা আসলে তার চেয়েও খারাপ। ভারতের চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে নিজ দেশের আবহাওয়া। সারা দিনে ৩৫ থেকে ৪০ ডিগ্রি ছিল তাপমাত্রা, গরমে জেরবার গোটা দল। আর একের পর এক চোট। ক্লার্কের মতোই ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন দারুণ বোলিং করতে থাকা মিচেল মার্শ, এই টেস্টে আর বোলিংই করতে পারবেন না। পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছেড়েছেন অভিষিক্ত জশ হ্যাজলউড। পরে মাঠে ফিরলেও দ্বিতীয় নতুন বলে দুটি বল করেই আবার গিয়েছেন বাইরে। গরমে হিটস্ট্রোক মতো হওয়ায় অনেকক্ষণ বাইরে ছিলেন মিচেল স্টার্ক। টুকটাক বেশ কবার অস্বস্তি জানান দিয়েছে জনসনের শরীর। চোটের কারণে খেলতে না-পারা রায়ান হ্যারিসের অভাব বোধ করেছে অস্ট্রেলিয়া কাল নিশ্চিতভাবেই। প্রথম দিনেই স্টিভ স্মিথ বুঝে গেলেন, টেস্ট অধিনায়কত্ব কত কঠিন!
গ্যাবার উইকেটও কাল আশাহত করেছে জনসনদের। গতি-বাউন্স আছে যথারীতি, কিন্তু সারা দিনেও মেলেনি না মুভমেন্ট। অস্ট্রেলিয়ান বোলাররাও টানা ভালো বোলিং করতে পারেননি। বিজয়ের কৃতিত্বকে তবু খাটো করার কারণ নেই। প্রতি ইনিংসেই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। কালকের ইনিংসটা গড়েছেন দারুণভাবে। ৭৯ বলে প্রথম পঞ্চাশের পর ৯৬ বলে পরের পঞ্চাশ। সেঞ্চুরির পর ৪৪ করেছেন ৩৮ বলে। অস্ট্রেলিয়াকে তাঁর বরাবরই পছন্দ, পাঁচ সেঞ্চুরির চারটিই তাদের বিপক্ষে। আগের টেস্টের মতো ঝাঁক বেঁধে উইকেট হারায়নি ভারত, জুটিগুলি ছিল ৫৬, ৪৪, ৩৭, ১২৪ ও অবিচ্ছিন্ন ৫০। লায়নকে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বিজয়ের বিদায়ের পর দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন রাহানে। বিরাট কোহলি যে নেই! অ্যাডিলেডে দুই ইনিংসেই সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ১৯ রান করে ফিরে গেছেন হ্যাজলউডের শিকার হয়ে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।

স্কোরকার্ড
টস: ভারত
ভারত ১ম ইনিংস
রান বল ৪ ৬
বিজয় ক হাডিন ব লায়ন ১৪৪ ২১৩ ২২ ০
ধাওয়ান ক হাডিন ব মিচেল মার্শ ২৪ ৩৯ ০ ০
পূজারা ক হাডিন ব হ্যাজলউড ১৮ ৬৪ ১ ০
কোহলি ক হাডিন ব হ্যাজলউড ১৯ ২৭ ১ ০
রাহানে ব্যাটিং ৭৫ ১২২ ৭ ০
রোহিত ব্যাটিং ২৬ ৩৪ ২ ১
অতিরিক্ত (বা ৪, নো ১) ৫
মোট (৮৩ ওভারে, ৪ উইকেটে) ৩১১
উইকেট পতন: ১-৫৬, ২-১০০, ৩-১৩৭, ৪-২৬১।
বোলিং: জনসন ১৫-২-৬৪-০, হ্যাজলউড ১৫.২-৫-৪৪-২, স্টার্ক ১৪-১-৫৬-০, মিচেল মার্শ ৬-১-১৪-১, লায়ন ২০-১-৮৭-১, ওয়াটসন ১০.৪-৫-২৯-০, ওয়ার্নার ১-০-৯-০ (নো ১), স্মিথ ১-০-৪-০।