
শেষ বলের জয় মানেই রোমাঞ্চকর কিছু। চরম নাটকীয়তা না হলে ওই পর্যন্ত ম্যাচ যায় নাকি! শেষ দুই বলে ছয় আর চার মেরে বিকেএসপিতে কাল আবাহনীকে ৩ উইকেটের নাটকীয় জয়ই এনে দিলেন মোসাদ্দেক হোসেন। দুই ছক্কা আর সাত বাউন্ডারিতে মাত্র ৩৫ বলে অপরাজিত ৫৭। মোসাদ্দেকই আবাহনীর জয়ের নায়ক সন্দেহ নেই। আর ‘পার্শ্বনায়ক’ রিজওয়ান পারভেজ। ভুল করে তাঁকে আবাহনীর খেলোয়াড় ভাববেন না। রিজওয়ান আসলে ম্যাচের দুই আম্পায়ারের একজন। তাঁর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত আবাহনীর পক্ষে যাওয়াতেই ‘খেতাব’টা পেয়ে গেছেন নাদির শাহর এই সঙ্গী।
সকালের প্রবল বৃষ্টি সময়মতো খেলা শুরু হতে দেয়নি। ২৮ ওভারের ম্যাচ শুরু হয় বেলা একটায়। কিন্তু চনমনে রোদেও জবুথবু শুরু প্রাইম দোলেশ্বরের। ১১ ওভারের মধ্যে ৫৮ রানে নেই ৪ উইকেট! খাদের কিনারে চলে যাওয়া ইনিংসটাকে টেনে তুলল নাসির হোসেনের আত্মবিশ্বাসী ব্যাটিং। তাসকিনের বলে রজত ভাটিয়ার ক্যাচ হওয়ার আগে চার বাউন্ডারি আর দুই ছক্কায় মাত্র ৫৬ বলে ঝলমলে ৭২। পঞ্চম উইকেটে সানজামুল ইসলামের (৪০) সঙ্গে ১২ ওভার ২ বলে ৮২ রানের জুটি। অবশ্য ১৯১ রানের ইনিংসের জন্য প্রাইম দোলেশ্বর কৃতজ্ঞ থাকতে পারে আবাহনীর ফিল্ডারদের কাছেও। সহজ ক্যাচ পড়েছে বেশ কয়েকটি। একবার তো নাসিরের ক্যাচ তামিম ইকবাল ধরেও হাতে রাখতে পারেননি ফিল্ডার শাহাজাদার সঙ্গে ধাক্কা খেয়ে।
এসব ফিরে পাওয়া জীবন যদি সৌভাগ্য হয়, দুর্ভাগ্যও কম তাড়া করেনি প্রাইম দোলেশ্বরকে। ইনিংসের প্রথম বলেই ইমতিয়াজ হোসেনের কট বিহাইন্ড এবং পরে রকিবুল হাসানের স্টাম্পড-এর সিদ্ধান্ত ছিল বিতর্কিত। অবশ্য ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেসব ঘটনা ঘটেছে তাতে ওই দুটি ঘটনাকে পরে সামান্যই মনে হয়েছে।
২৫ রানে তামিম-লিটনকে হারালেও পথ হারায়নি আবাহনীর ব্যাটিং। আইপিএল-ফেরত সাকিব আল হাসান (৪০ বলে ৪৫) আর নাজমুল হোসেনের ৭৪ রানের তৃতীয় উইকেট জুটি অনেকটাই এগিয়ে দেয় তাদের। শেষে তো ছিল জয়ের নেশায় উন্মত্ত মোসাদ্দেকের দুর্দান্ত ব্যাটিং। বোলারকে বাউন্সার দেওয়ায় প্রলুব্ধ করতে শেষ ওভারে হেলমেট খুলে ব্যাট করার সাহস দেখিয়েছেন এই তরুণ। কিন্তু যে জয় পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে যাওয়া আবাহনীর জন্য হতে পারত নতুন সঞ্জীবনী, বাজে আম্পায়ারিংয়ের কারণে সেটাই হলো বিতর্কিত!
ফরহাদের করা শেষ ওভারে ১১ রান দরকার ছিল আবাহনীর, শেষ তিন বলে দরকার ছিল ১০। ওভারের তৃতীয় বলে পরিস্থিতি হয়ে যাচ্ছিল আরও নাজুক। কিন্তু ‘বাঁচিয়ে’ দিলেন আম্পায়ার রিজওয়ান। তাসকিনের পরিষ্কার রানআউটেও আঙুল তুললেন না। মোসাদ্দেকের সঙ্গে দ্বিতীয় রান নিতে যাচ্ছিলেন তাসকিন। কিন্তু তিনি নন-স্ট্রাইকিং প্রান্তে পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন বোলার ফরহাদ।
সূক্ষ্ম রানআউট নিয়ে অনেক সময় সংশয় থাকলেও বিকেএসপিতে শেষ বিকেলের ম্লান আলোতেও তাসকিনেরটা এতই স্পষ্ট ছিল যে মাঠের বাইরে থেকেও পরিষ্কার বোঝা গেছে ওটা আউট। বোঝেননি শুধু আম্পায়ার! তাঁর জন্য বোঝাটা হয়তো একটু কঠিনও ছিল। কালকেরটিসহ এবারের লিগে ম্যাচই যে পরিচালনা করলেন মাত্র দুটি! দুটিই আবাহনীর। প্রাইম দোলেশ্বরের খেলোয়াড়দের প্রতিবাদও পাত্তা পায়নি তাঁর কাছে। এর আগে আউটের আঙুল তুলছিলেন না মেনেরিয়ার বলে সাকিব স্টাম্পড হওয়ার পরও। বলটা ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন সাকিব। ব্যাটে বলে হয়নি, একটু দেরিতে হলেও স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার রনি তালুকদার। সাকিবও আউট হয়ে গেছেন বুঝে আম্পায়ারের দিকে না তাকিয়েই ক্রিজ ছাড়ছিলেন। অথচ বোলার-ফিল্ডারদের আপিলের জবাবে তখনো আঙুল তুলছিলেন না রিজওয়ান। সাকিবকে বেরিয়ে যেতে দেখে অবশ্য পরে আঙুলটা তুলেছেন।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ২৮ ওভারে ১৯১/৭ (নাসির ৭২, সানজামুল ৪০, রকিবুল ২৫; তাসকিন ২/৫৩, মোসাদ্দেক ১/১২, সাকলাইন ১/১৬)।
আবাহনী: ২৮ ওভারে ১৯৪/৭ (মোসাদ্দেক ৫৭*, সাকিব ৪৫, নাজমুল ৩৯; আল আমিন ২/৩৬, ফরহাদ ২/৪৫, মেনারিয়া ১/৯)।
ফল: আবাহনী ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন।