বিতর্ক ছুঁয়ে জিতল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলই শিরোপার দৌড়ে ছিটকে পড়েছে আগেই। কিন্তু মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচটি খেলল যেন বাঁচা-মরার সমীকরণ নিয়ে। শ্বাসরুদ্ধকর উত্তেজনা ও অখেলোয়াড়োচিত ঘটনায় বিতর্কিতও হয়ে থাকল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া দুর্দান্ত ম্যাচটি।
মোহামেডানের ১ উইকেটের জয়ই বলে দেয় ম্যাচের শেষটা ছিল কত উত্তেজনাপূর্ণ। রুবেল হোসেনের করা শেষ ওভারে মোহামেডানের দরকার ছিল ৬ রান। প্রথম দুই বলে আসে ২ রান। এরপরই একখণ্ড নাটক। ফয়সাল হোসেন, এনামুল হক জুনিয়র পর পর রানআউট হয়ে যাওয়ায় পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। তবে আসল নাটক ওভারের পঞ্চম বলে। আরিফুল হকের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার মিজানুর রহমান। এরই মধ্যে প্রান্ত বদলের চেষ্টা করেন দুই ব্যাটসম্যান। নন-স্ট্রাইক ব্যাটসম্যান শুভাশিসের বিপক্ষে রানআউটের আরেক দফা জোরালো আবেদন। লেগ আম্পায়ার রেজওয়ান পারভেজ সেটি নাকচ করে দিলে প্রায় অসম্ভব দ্বিতীয় রানের জন্য দৌড় দেন শুভাশিস। এবার তিনি রানআউট! পরপর দুটি জোরালো আবেদন নাকচ হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে প্রাইম ব্যাংক। সবচেয়ে বেশি চটেন দলটির ম্যানেজার সাইফুল ইসলাম। আম্পায়ারদের উদ্দেশে গালিগালাজ তো করেছেনই, পুরো দলকে মাঠ ছেড়ে চলে আসার নির্দেশ দেন তিনি।
প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর ম্যাচ রেফারি রকিবুল হাসানের মধ্যস্থতায় আবার খেলা শুরু হয়। রুবেলের শেষ বলটা থার্ডম্যান দিয়ে বাউন্ডারি মেরে মোহামেডানকে জয়ের তীরে পৌঁছে দেন আরিফুল। দলের জয়ের সঙ্গে আরাধ্য সেঞ্চুরিটাও পেয়ে যান মোহামেডানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৯৯ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংসটি আরিফুল সাজিয়েছিলেন ৬টি চার ও ২টি ছক্কায়। তীব্র চাপের মধ্যে ধৈর্যের পরিচয় দিয়ে দৌড়েই নিয়েছেন ৬৭ রান।
প্রাইম ব্যাংকের দেওয়া ২৪৫ রান তাড়া করতে নেমে মোহামেডানের ইনিংসের শুরু খুব একটা ভালো হয়নি। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে পথ দেখান মুশফিকুর রহিম। তাইবুর রহমানকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মনির হোসেনের ক্যাচ হওয়ার আগে মোহামেডান অধিনায়কের রান ৫০। ৩৮.৪ ওভারে ১৮৩ রানে মোহামেডানের ৬ উইকেট পড়ে যাওয়ার পর লাগামটা আবার টেনে ধরেছিল প্রাইম ব্যাংক। তবে সপ্তম উইকেট জুটিতে আরিফুল-ফয়সাল ৫৯ রান যোগ করে মোহামেডানের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
রানআউটের হ্যাটট্রিক!
প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেনের করা শেষ ওভারে মোহামেডানের দরকার ৬ রান। ওভারের তৃতীয় বলে ২ রান নিতে গিয়ে উইকেটকিপার নুরুল হাসানের থ্রোয়ে রানআউট ফয়সাল হোসেন। পরের বলে এক রান নিতে গিয়ে রানআউট এনামুল হক জুনিয়রও। পঞ্চম বলে নন-স্ট্রাইক ব্যাটসম্যান শুভাশিস দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট! এ নিয়ে দুবার রানআউটের হ্যাটট্রিক দেখল এবারের প্রিমিয়ার লিগ।