বিতর্ক সঙ্গী শেষ রাউন্ডেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম পর্বের শেষ তিন ম্যাচের আগ পর্যন্তও নিশ্চিত নয় সুপার লিগের ছয় দলের শেষ দুই দল কারা! ঢাকা প্রিমিয়ার লিগ এবার এতটাই জমজমাট।
তবে প্রদীপের নিচের অন্ধকারের মতোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের গায়েও প্রথম পর্বের শেষ দিন পর্যন্ত লেপ্টে থাকছে বিতর্ক। আম্পায়ারিং নিয়ে বিতর্ক-সমালোচনা তো লিগের ছায়াসঙ্গী হয়েই হাঁটছে। হুট করে ফিকশ্চার বদল, বিশেষ কোনো ক্লাবকে সুবিধা দেওয়া বা সমস্যায় ফেলার প্রবণতাও এবারের লিগের বড় বৈশিষ্ট্য।
বিতর্কিত সর্বশেষ কাণ্ডটি সিসিডিএম ঘটাল গতকাল। শেষ রাউন্ডে ভিক্টোরিয়া-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি আজ ফতুল্লায় হওয়ার কথা থাকলেও এখন তা হচ্ছে না। কেন হচ্ছে না, দুই দলের কাউকেই সেটির আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সিসিডিএম। লিগের সমন্বয়ক আমিন খান স্বাক্ষরিত চিঠিতে শুধু জানানো হয়েছে, অনিবার্য কারণবশত ম্যাচটি স্থগিত। আগামীকাল একই মাঠে এই ম্যাচ হবে।
তবে মিরপুর ও বিকেএসপির ম্যাচ দুটি আজই হয়ে যাবে। লিজেন্ডস অব রূপগঞ্জ আগেই সুপার লিগ নিশ্চিত করে ফেলায় বিকেএসপির ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ব্রাদার্সের জন্য। এ ম্যাচে হারলে কলাবাগান ক্রিকেট একাডেমি ও সিসিএসের সঙ্গে ব্রাদার্সকেও রেলিগেশন লিগ খেলতে হবে। জিতলেও রেলিগেশন এড়ানোর নিশ্চয়তা পুরোপুরি নেই। তবে তখন মিরপুরে মোহামেডান-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে অনুষ্ঠেয় আজকের অন্য ম্যাচ এবং ফতুল্লার কালকের ম্যাচের দিকেও আশা নিয়ে তাকিয়ে থাকতে পারবে তারা। অবশ্য বিকেএসপিতে আজ রূপগঞ্জেরও লক্ষ্য থাকবে ব্রাদার্সকে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার।
মিরপুরে আজ জিতলেই ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডানের সুপার লিগ খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে হারলে জটিল সমীকরণের মধ্যে পড়ে যাবে দলটি। প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রীড়া চক্র ও মোহামেডানের সঙ্গে তখন শেখ জামালের পয়েন্টও হয়ে যাবে ১২। কাল গাজী গ্রুপ ভিক্টোরিয়াকে হারিয়ে দিলে ১২ পয়েন্ট পাওয়া দল হবে ৫টি। লিগের বাইলজ অনুযায়ী তখন প্রথমে ধরা হবে মুখোমুখি লড়াইয়ের হার-জিত। সেভাবেও শেষ দুই দলের নিষ্পত্তি না হলে মোট জয়ের সংখ্যা এবং সবশেষ উপায় নেট রান রেটের হিসাব। অবশ্য ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আগেই শেষ ছয়ে উঠে যাওয়া ভিক্টোরিয়া ম্যাচ জিতলে গাজী ছিটকে যাবে ওখানেই।
এসব হিসাব-নিকাশ শেষ হয়ে যেতে পারত আজই। হচ্ছে না ফতুল্লার ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়ায়। এখনো সুপার লিগের দৌড়ে থাকা ক্লাবগুলোর অভিযোগ, অন্যায় সুবিধা নেওয়ার জন্যই সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মুর্তজার ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি পেছানো হয়েছে। শেষ পর্বের একটা পর্যায়ে নেট রান রেটও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। গাজী গ্রুপ নাকি সে কারণেই বাকি দুই ম্যাচের ফলাফল দেখে মাঠে নামতে চাচ্ছে। পেছালে তিনটি ম্যাচই একসঙ্গে পেছানো উচিত ছিল বলে মনে করেন তাঁরা। আরেকটি সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেটার গুরকিরাত সিং দেশে ফিরে যাওয়ায় বিদেশি ক্রিকেটার নেই গাজীর। বিদেশি ক্রিকেটার আনতেই এক দিন সময় নিচ্ছে তারা। এসব দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ, এই পর্বে এক দলের হার-জিত আর নেট রান রেটের ওপর নির্ভর করছে অন্য দলের সুপার লিগের ভাগ্য।
সিসিডিএম সদস্যসচিব রাকিব হায়দার অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আগের ম্যাচ শেষে ঠিকমতো কাভার দেওয়া হয়নি বলে বৃষ্টিতে উইকেট ভিজে গেছে। সে জন্যই খেলা পেছানো হয়েছে।’ অদ্ভুত যুক্তি বটে। বৃষ্টি-বাদল বাধা হতে পারে বলেই তো এবারের লিগে রিজার্ভ ডে রাখা! তারপরও ভেজা উইকেটের আশঙ্কায় এক দিন আগে ম্যাচ পিছিয়ে দেওয়ার পেছনে আর কিছু নেই, এটা মেনে নেওয়া একটু কঠিনই।
অন্য দুটি ম্যাচের ফলাফল আজই হয়ে গেলে গাজী গ্রুপ কাল অন্যায় সুবিধা পাবে কি না, প্রশ্নে সদস্যসচিবের ব্যাখ্যা, ‘আমরা অন্য দুটি ম্যাচও পেছাতে চেয়েছিলাম। কিন্তু ওই দুই ম্যাচের দলগুলো বলেছে, তাদের বিদেশি খেলোয়াড়রা চলে যাবে। তাই কালই (আজ) তারা ম্যাচ খেলতে চায়।