বিতর্কই 'ভালোবাসেন' আফ্রিদি!

এ বছর এখন পর্যন্ত এমন একটি মাস যায়নি, যেটিতে সংবাদ শিরোনাম হননি শহীদ আফ্রিদি! মাঠের পারফরম্যান্সে যতটা, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন বিতর্কিত মন্তব্যেই। বিতর্ক যেন পাকিস্তানের সাবেক অধিনায়কের ছায়াসঙ্গী। গত কমাসে আফ্রিদির কিছু বিতর্কিত ঘটনা মনে করা যেতে পারে।
ভারতপ্রীতি
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টানাপোড়েন চলছিল পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে! এমনকি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি পর্যন্ত দিয়েছিল তারা। সব শঙ্কা পেছনে ফেলে ভারতে (কলকাতা) পা রাখেন আফ্রিদিরা। এত টানাপোড়েনের পর ভারত এসে পাকিস্তান অধিনায়ক করলেন আরেক মন্তব্য। ভারতের আতিথেয়তা আর ভালোবাসার গুণকীর্তন করতে গিয়ে আফ্রিদি বললেন, ‘ভারতে এসে প্রতিবারই যে ভালোবাসা পাই, তা দেশেও পাই না!’ এই মন্তব্য নিয়ে পরে জল ঘোলা কম হয়নি।
জাভেদ মিয়াঁদাদের মতো সাবেকরা ধুয়েই দেন আফ্রিদিকে।
কাশ্মীরের সমর্থক
টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। পাঞ্জাব ক্রিকেটে অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাকিস্তানকে দর্শকদের সমর্থন প্রসঙ্গে রমিজ রাজা যখন প্রশ্ন করলেন, আফ্রিদির উত্তর, ‘এখানে হয়তো কাশ্মীর থেকে প্রচুর দর্শক এসেছে।’ এমনিতে কাশ্মীর ভারত-পাকিস্তান দুই দেশের জন্যই স্পর্শকাতর বিষয়। এর পর আবার আফ্রিদির অমন মন্তব্য। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি বিসিসিআইয়ের কর্তারা।
অবসর-নাটক
অবসর নিয়ে আফ্রিদির নাটক নতুন নয়। ক্রিকেটের তিন সংস্করণে কতবার তিনি অবসর নিলেন আর কতবার ফিরলেন, নিজেও হয়তো মনে করতে পারবেন না! টেস্ট-ওয়ানডে থেকে অবসরের পর আঁকড়ে ছিলেন শুধু টি-টোয়েন্টি নিয়ে। সর্বশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইঙ্গিত দিলেন, এটাই সম্ভবত তাঁর শেষ ম্যাচ। টুর্নামেন্টের পরই তাঁর ইউ–টার্ন! সমর্থক, পরিবারের লোকজনের চাপে নাকি তিনি অবসরের চিন্তা বাদ দিয়েছেন।
তাঁকে অপমান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সাম্প্রতিক ব্যর্থতার পর দলের কোচ ওয়াকার ইউনিস ও ম্যানেজার ইন্তিখাব আলম সমালোচনা করেন আফ্রিদির অধিনায়কত্বের ধরন নিয়ে। তিনি এর জবাব দেন তির্যক মন্তব্যে, ‘মানুষ যেভাবে মিথ্যা বলছে এবং আমার নাম মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাতে ভীষণ হতাশ।’
প্রতিভাশূন্য পাকিস্তান
ইঙ্গিত দিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি, তার একটি ব্যাখ্যা দিয়েছেন আফ্রিদি। তাঁর উপলব্ধি, পাকিস্তান দলে এই মুহূর্তে যেসব তরুণ খেলোয়াড় আসছেন, তাঁদের চেয়ে তিনি অনেক ভালো খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেট মোটেও আন্তর্জাতিক মানের নয় বলেই আফ্রিদির ধারণা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা তো করেছেনই, স্বদেশি ক্রিকেটারদেরও সমালোচনা করেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার, ‘বলা হয়, পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাব নেই। কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। পাকিস্তান ক্রিকেটে যে ধরনের খেলোয়াড় আছে, তারা আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্য নয়।’ পাকিস্তান ক্রিকেটে বেশ সমালোচনার খোরাক জুগিয়েছে আফ্রিদির এমন মন্তব্য।