প্রথমে বাজে আম্পায়ারিং। পরে পিস্তল দেখিয়ে আম্পায়ারদের হুমকি। হুমকিদাতাকে ধরে নিয়ে গেল পুলিশ। পরিণতিতে আর খেলাই হলো না। বিকেএসপির ৪ নম্বর মাঠে কাল ঘটনাটা ঘটেছে তৃতীয় বিভাগ ক্রিকেটের রেলিগেশন লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও কামরাঙ্গীরচর স্পোর্টিং ক্লাবের ম্যাচে।
অভিযোগ উঠেছে, কামরাঙ্গীরচরের ব্যাটিংয়ের সময় ফরাশগঞ্জের বোলার-ফিল্ডারদের একের পর এক আপিল প্রত্যাখ্যান করেছেন ম্যাচের দুই আম্পায়ার আজিজুল বারী ও জাকির হোসেন। এসব সিদ্ধান্তের বেশির ভাগই পক্ষপাতমূলক মনে হয়েছে ফরাশগঞ্জের খেলোয়াড়-কর্মকর্তাদের। ইনিংস বিরতির সময় দলের সঙ্গে থাকা এক তরুণ ক্ষুব্ধ হয়ে আম্পায়ারদের রুমে গিয়ে তাঁদের পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেন। পরে বিকেএসপির মূল ফটকে থাকা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ধরে নিয়ে যায় ওই তরুণকে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল কাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, আটককৃত তরুণের নাম শামীম আহমেদ, তিনি নিজেকে শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রিকেটার দাবি করেছেন। এই তরুণ ফরাশগঞ্জ ক্লাবেরই এক ক্রিকেটারের ভাই। আম্পায়ারদের যে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছেন, সেটি খেলনা পিস্তল। তাঁর ব্যাগে তিনটি খেলনা পিস্তল পাওয়া গেছে। বিসিবির নিরাপত্তা তত্ত্বাবধায়ক কামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন তাঁর বিরুদ্ধে।
এ ঘটনার পর কামরাঙ্গীরচরের ইনিংসে ৩ ওভার হওয়ার পর ‘নিরাপত্তার অভাব’ বোধ করে মাঠ ত্যাগ করেন আম্পায়ার ও কামরাঙ্গীরচরের খেলোয়াড়-কর্মকর্তারা। তবে ম্যাচের ফলাফলের ব্যাপারে সিদ্ধান্ত কী, আম্পায়ারের রিপোর্ট হাতে পাননি বলে কাল রাতেও সেটা জানাতে পারেননি সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দার। তৃতীয় বিভাগের সমন্বয়কারী মঞ্জু এক ঘণ্টা পর বিস্তারিত জানাবেন বলে পরে ফোনই বন্ধ করে দেন। ফোন বন্ধ পাওয়া গেছে বিসিবির আম্পায়ার্স কমিটির ব্যবস্থাপক শরীফ মাহমুদেরও।
বিকেএসপির আরেক মাঠে হওয়া মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব ও আল রশিদ ক্রিকেট ক্লাবের ম্যাচেও পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ আছে। এ ম্যাচটি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবেই শেষ হলেও প্রশ্ন উঠছে, তৃতীয় বিভাগ ক্রিকেটের রেলিগেশন লিগে হঠাৎ করে আম্পায়ারিং এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেন?
বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন, অদূর ভবিষ্যতে কামরাঙ্গীরচর ও মিরপুর বয়েজের হয়ে বিসিবির কাউন্সিলরশিপ নিতে যাচ্ছেন দুই প্রভাবশালী ব্যক্তি, যাঁরা বিসিবির কয়েকজন পরিচালকের খুবই ঘনিষ্ঠ। আর সে কারণে যেকোনোভাবেই হোক তৃতীয় বিভাগে টিকে থাকার লক্ষ্য তাদের। বিসিবি পরিচালকদের আশীর্বাদপুষ্ট এই প্রভাবশালীদের পেশিশক্তির কাছে হেরেই তৃতীয় বিভাগ থেকে ছিটকে যাওয়ার উপক্রম ফরাশগঞ্জ ও আল রশিদ ক্লাবের।