বিতর্কিত নির্বাচনপ্রক্রিয়াই অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি সভাপতি নাজমুল হাসান বোঝাতে চাইলেন, সবকিছু আগের মতোই আছে। আসলে তা নয়। দল নির্বাচনপ্রক্রিয়ার স্বতঃসিদ্ধ পদ্ধতি থেকে সরে এসে কাল বহুল আলোচিত বিতর্কিত প্রক্রিয়াটিই ‘অনুমোদন’ করেছে বিসিবির পরিচালনা পর্ষদ।
ওয়ার্কিং কমিটি থেকে পাস হয়ে এসেছে বিতর্কিত দল নির্বাচনপ্রক্রিয়ার এই নকশা। পরিচালনা পর্ষদের সভায় তাই এ নিয়ে ভোটাভুটির দরকার পড়েনি। বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম পুরোনো প্রক্রিয়া থেকে সরে এসে বিতর্কিত প্রক্রিয়ায় যাওয়ার কারণ জানতে চাইলেও সদুত্তর পাননি। পরিচালকদের মধ্যে যাঁরা সাবেক ক্রিকেটার, দুর্ভাগ্যজনকভাবে তাঁরা এর কোনো প্রতিবাদই করেননি। বাংলাদেশের ক্রিকেটে স্মরণকালের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি তাই অনুমোদন পেয়ে গেছে অনায়াসেই। জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান অবশ্য সভায় উপস্থিত ছিলেন না।
নতুন প্রক্রিয়ায় তিন সদস্যের নির্বাচক প্যানেলের সঙ্গে যোগ হবে নির্বাচক কমিটি, এটা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি। ক্রিকেট পরিচালনা-প্রধানের নেতৃত্বাধীন এই কমিটিতে থাকবেন জাতীয় দলের কোচ এবং ম্যানেজার। প্রধান নির্বাচকের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দল গঠনের আগে কমিটির সঙ্গে বসে তাদের চাহিদা জানবে এবং দল নির্বাচনের পর আবারও আলোচনায় বসে খেলোয়াড় তালিকায় সবার সম্মতি নেবে। চূড়ান্ত অনুমোদনের জন্য এরপর সেটি যাবে সভাপতির কাছে।
দল নির্বাচনের এই অদ্ভুত প্রক্রিয়ায় দুই বোর্ড পরিচালকের সরাসরি উপস্থিতি নির্বাচকদের স্বাধীনতা তো কেড়ে নেবেই, দল গঠনে বাইরের হস্তক্ষেপের দ্বারও করবে উন্মুক্ত। জাতীয় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ বলে সে আশঙ্কা আরও বেশি। পেশায় যিনি একজন কোচও! প্রিমিয়ার লিগ, বিপিএল, বিসিএল—বড় বড় ঘরোয়া টুর্নামেন্টেই কোনো না কোনো দলের দায়িত্বে থাকেন মাহমুদ। কোচ হিসেবে কাজ করছেন একটি ক্রিকেট একাডেমিতেও। দল নির্বাচনী সভায় যে তিনি নিজের পছন্দের খেলোয়াড়দের পক্ষে কথা বলবেন না, সেটির নিশ্চয়তা কী?
বিতর্কিত দল নির্বাচনপ্রক্রিয়া প্রতিষ্ঠা করতে গিয়ে আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বর্তমান নির্বাচক কমিটিতে জুনিয়র নির্বাচক কমিটির সদস্য সাজ্জাদ আহমেদকে এনে হাবিবুল বাশারকে দেওয়া হয়েছে মহিলা দল নির্বাচনের দায়িত্বে। মহিলা দল নির্বাচনে তেমন একটা কাজ করতে হয় না বলে এটিকে হাবিবুলের মেধা এবং অভিজ্ঞতার অপচয়ই মনে করা হচ্ছে। জাতীয় দলের অন্যতম সফল এই সাবেক অধিনায়ককে কাজের সর্বোচ্চ সুযোগ না দিয়ে দেশের ক্রিকেটের কী ‘উপকার’ করতে চাচ্ছে বিসিবি, সেটা এক রহস্য। জুনিয়র নির্বাচক কমিটিতে এহসানুল হকের সঙ্গে দুই সাবেক ক্রিকেটার হাসিবুল হাসান ও হান্নান সরকারকে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে সভায়।
এ ছাড়া ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কোচিং স্টাফের অন্য বিদেশিদের চুক্তি। নতুন পেস বোলিং কোচ হিসেবে দুজনের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।
অনুমোদন হয়েছে ২০১৬-১৭ মৌসুমের ক্রিকেট বর্ষপঞ্জি। জালাল ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে চার সদস্যের বোলিং অ্যাকশন রিভিউ কমিটিও। কমিটির অন্য সদস্যরা হলেন তিন সাবেক ক্রিকেটার দিপু রায়চৌধুরী, গোলাম ফারুক ও ওমর খালেদ।
বিপিএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর থেকে। গত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট সুপারস্টারসের কাছ থেকে পাওনা ৩-৪ কোটি টাকা আদায়ে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘সিলেট সুপারস্টারসের পেমেন্ট বকেয়া আছে, বিসিবিরও পাওনা আছে তাদের কাছে। ব্যাংক গ্যারান্টি যেটা ছিল, সেটা আমরা ভাঙাতে পারিনি। তারা সেটা অন্য জায়গায় আটকে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া যায়, আমরা নেব।’
আইসিসির দ্বিস্তরবিশিষ্ট টেস্ট কাঠামো নিয়েও আলোচনার কথা ছিল সভায়। কিন্তু সভাপতির অনাগ্রহে তা হয়নি। ‘এটা নিয়ে এখন আলোচনা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আগে আসুক তারপর দেখা যাবে’—বলেছেন নাজমুল হাসান।