বিতর্কের পর হেলসের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সেঞ্চুরি? শুধু কঠিনই নয়, অসম্ভব! কাল ৯৪ রানে আউট হয়ে ফেরার সময় অ্যালেক্স হেলসের মাথায় এ রকম কিছু ঘুরলেও ঘুরতে পারে।
চলতি সিরিজেই আগের দুই টেস্টে ৮৬ ও ৮৩ রানে আউট হয়েছেন। কাল টানা তৃতীয়বার টেস্টে প্রথম সেঞ্চুরি লুকোচুরি খেলল ইংল্যান্ড ওপেনারের সঙ্গে।
বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির পর শুরু হওয়া লর্ডস টেস্টের চতুর্থ দিনে কাল হেলসের হতাশা ছাপিয়ে বিতর্ক ছড়িয়েছে আম্পায়ারের একটি সিদ্ধান্ত। সেটিও হেলসকে ঘিরে। ব্যক্তিগত ৫৮ রানে নুয়ান প্রদীপের বলে বোল্ড হয়েছিলেন হেলস। কিন্তু আম্পায়ার রড টাকার ডেকেছিলেন নো-বল। পরে রিপ্লেতে দেখা গেল, প্রদীপের সামনের পা হয়তো ক্রিজের ভেতরেই ছিল।
শ্রীলঙ্কা খেলা চলার সময়ই এর প্রতিবাদ করেছে। রীতি অনুযায়ী ড্রেসিংরুমের ওপরে শ্রীলঙ্কার পতাকা ওড়ার কথা, সেটিকে ৪৫ মিনিট নামিয়ে রাখা হলো ব্যালকনিতে। পরে এমসিসির অনুরোধে সেটি সরিয়ে নেওয়া হয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছেও প্রতিবাদ জানিয়েছে শ্রীলঙ্কা।
মাঠের খেলায়ও ছিল চমক। ৪ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ইনিংস ঘোষণা করেছে ২৩৩ রানে। ৩৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা দিন শেষ করেছে বিনা উইকেটে ৩২ রানে। আজ শেষ দিনে জিততে দরকার ৩৩০ রান। এএফপি।