বিতর্কের বেড়াজালে ১০০৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বাউন্ডারি। ব্যাটে-বলে হলেই চার-ছয়। রেকর্ড তো ভাঙবেই। ১৯৯৬ সালে সিঙ্গাপুরের পাদাংয়ে সনাৎ জয়াসুরিয়ার দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড নিয়ে অনেকেই নাক সিটকেছেন।
জয়াসুরিয়াই রেহাই পাননি, প্রণব ধানাওয়াড়ে পার পায় কী করে? ক্রিকেট ইতিহাসের প্রথম এক ইনিংসে চার অঙ্কের রান ছোঁয়া ভারতীয় কিশোরও পার পায়নি। তার অপরাজিত ১০০৯ রানের ইনিংসের খুঁতগুলো এখন সামনে চলে আসছে।
খুঁতগুলোও সামান্য নয়। এই যেমন মাঠের এক পাশে বাউন্ডারি ছিল মাত্র ৩০ গজি। প্রতিপক্ষ স্কুল মাঠে নামাতে পারেনি মূল দল। মূল খেলোয়াড়দের পরীক্ষা থাকায় অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ছেলেদের খেলাতে বাধ্য হয়েছে আরিয়া গুরুকুল স্কুল। ওই ছেলেরা আবার নাকি এই ম্যাচেই প্রথম ক্রিকেট বলে খেলেছে। আর সবচেয়ে বড় খুঁত, ২১ বার ক্যাচ তুলেও বেঁচে গেছে ধানাওয়াড়ে।
তবে দুর্বল প্রতিপক্ষ, ছোট বাউন্ডারিও মাহাত্ম্য কমাতে পারেনি ধানাওয়াড়ের ইনিংসের। ভারতের ক্রিকেট সাংবাদিক আয়াজ মেমন বললেন আসল কথাটা, ‘১০০০ রান করতে শারীরিক সামর্থ্য ও মানসিক দৃঢ়তাও থাকতে হয়। কই অন্যরা তো পারেনি!’ এএফপি।