বিতর্কের মধ্যেই ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দাপট

ঝোড়ো শতক হেডেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাভিস হেডকে দলে নেওয়াটা যে ভুল হয়নি, সেটিরই প্রমাণ পেল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে হেডের দ্রুতগতির এক শতকেই নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে হেডের শতকের মধ্যেও আছে আক্ষেপ—ডেভিড ওয়ার্নারের ৯৪ রানে ফেরা। যদিও এই দুইয়ের ব্যাটিংয়ে দিন শেষে ১৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

কাল প্রথম ইনিংসে অধিনায়ক প্যাট কামিন্সের ৫ উইকেটে ইংল্যান্ড গুটিয়ে গেছে ১৪৭ রানেই। বৃষ্টির কারণে প্রথম দিনের শেষভাগে কোনো খেলা হয়নি। আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানের মাথায় ফিরে যান মার্কাস হারিস। ওলি রবিনসনের বলে ডেভিড মালানের হাতে ধরা পড়েন তিনি। এরপর মার্নাস লাবুশেন আর ওয়ার্নারের দারুণ এক জুটি অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় নিয়ে যায়। যদিও ওয়ার্নার বেন স্টোকসের বলে বোল্ড হয়েছিলেন। কিন্তু ‘নো বল’ বাঁচিয়ে দেয় তাঁকে।

ওয়ার্নার করেছেন ৯৪
ছবি: এএফপি

এই ‘নো বল’ অবশ্য বিতর্ক ছড়িয়েছে দ্বিতীয় দিনে। নিজের প্রথম ৫ ওভারে মোট ১৪ বার ওভার স্টেপিং করেছিলেন স্টোকস। কিন্তু এর মধ্যে মাত্র দুটি নো বল ধরা হয়। চ্যানেল সেভেনের ক্যামেরায় স্টোকসের এতগুলো নো বল ধরা পড়ার পর এ নিয়ে চলছে বিতর্ক। রিভিউ প্রযুক্তি ঠিকমতো কাজ না করাতেই নাকি এই সমস্যা। এই টেস্ট ম্যাচটি ২০২০ সালের আগের কন্ডিশনে অনুষ্ঠিত হচ্ছে। নতুন কন্ডিশনে বোলারের প্রতিটি ডেলিভারির দিকেই লক্ষ রাখার কথা টিভি আম্পায়ারের। কেবল আউট হওয়ার সময় ওভার স্টেপিংয়ের ব্যাপারটি এই টেস্টে টিভি আম্পায়ার দেখছেন। আর সেটিতেই বেঁচে গিয়েছিলেন ওয়ার্নার।

ইংল্যান্ডের সেরা বোলার ছিলেন ওলি রবিনসন
ছবি: এএফপি

ওয়ার্নার শেষ পর্যন্ত ৯৪ রানে ফেরেন রবিনসনের বলেই। স্টুয়ার্ট ব্রডের জায়গায় সুযোগ পাওয়া রবিনসন আজ দুর্দান্ত বোলিং করেছেন। ওয়ার্নার ও হারিস ছাড়াও তিনি ফেরান ক্যামেরন গ্রিনকে। ক্রিস ওকসের বলে ফেরেন অ্যালেক্স ক্যারি। স্টিভ স্মিথকে ফেরান মার্ক উড।

ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়া যদি আক্ষেপ হয়, তাহলে সেই আক্ষেপ ঘুচিয়েছেন হেড। তিনি ৯৫ বলে ১১২ রান করে ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। তাঁর ব্যাটেই দিন শেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৪৩।

রবিনসন ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জো রুট, জ্যাক লিচ ও মার্ক উড।