
রোমাঞ্চকর এক গল্প লিখতে পারত ম্যাচটি!
কিন্তু ম্যাচের ঘটনাপ্রবাহ ম্যাচ-পরবর্তী সময়টাকে এতটাই প্রভাবিত করল যে সেই গল্প আর হলো না।
ম্যাচ শেষে বিজয়ী দলকে অভিবাদন জানানোটাই রীতি। কিন্তু কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সেই ভদ্রতায় গেল না পরাজিত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। উল্টো বিজয়ী দল আবাহনীর অধিনায়ক তামিম ইকবালই সতীর্থদের নিয়ে গেলেন ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও একই ঘটনা। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পাওয়া ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চতুরাঙ্গা ডি সিলভা এলেনই না পুরস্কার নিতে।
যোগাযোগ করলে ভিক্টোরিয়ার কোচ ইমদাদুল বাশার জানালেন প্রায় হাতের মুঠোয় চলে আসা ম্যাচটা হাতছাড়া হওয়ায় হতাশ খেলোয়াড়েরা বেরোননি ড্রেসিংরুম থেকে। কিন্তু আসলেই কি তাই?
সত্যি হলো আম্পায়ারদের কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই ভিক্টোরিয়ার খেলোয়াড়েরা ম্যাচ শেষে নিজেদের বন্দী করে রাখেন ড্রেসিংরুমে। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভিক্টোরিয়ার পাঁচ ব্যাটসম্যান হয়েছেন এলবিডব্লু। এঁদের মধ্যে মুমিনুল হক, এনামুল হক ও সোহরাওয়ার্দী শুভ আউট হওয়ার পর মাঠ ছেড়েছেন নিজেদের অসন্তোষ জানান দিয়েই। পাঁচ এলবিডব্লুর চারটিই আবার দিয়েছেন আবাহনীর চারটি ম্যাচেই আম্পায়ারিং করা নাদির শাহ।
তবে ভিক্টোরিয়া সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে অপর আম্পায়ার গাজী সোহেল সোহরাওয়ার্দীকে এলবিডব্লু দেওয়াতেই। সোহরাওয়ার্দী আউট হওয়ার আগে ২ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১৯ বলে ১৬ রান দরকার ছিল ভিক্টোরিয়ার। সাকলাইন সজীবের করা ৪৭তম ওভারে ভেতরে ঢোকা শেষ বলটা প্যাডে লাগতেই আঙুল উঠে যায় আম্পায়ারের। বলটা ওপরে উঠছিল এই কারণ দেখিয়েই সোহরাওয়ার্দী আপত্তি জানান। তিন বল পর তাসকিনের বলে আরেকটি এলবিডব্লু, এবার শিকার কামরুল ইসলাম। ম্যাচ শেষ এখানেই। এরপর আম্পায়াররা মাঠ ছাড়েন ভিক্টোরিয়ার সমর্থকদের গালিগালাজের তোড়ের মধ্যে।
এর আগে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলেছে। রান তাড়ায় ৯ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে ভিক্টোরিয়া। মুমিনুল হককে নিয়ে এরপর ৫৭ রানের জুটি গড়েন রানের মধ্যে থাকা অলরাউন্ডার আল আমিন জুনিয়র। দলকে ১০০ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন আল আমিন (৫৩ বলে ৫৬)। ১০০ থেকে ১১৪ এই ১৪ রানের মধ্যে ভিক্টোরিয়া ৩ উইকেট হারানোয় ম্যাচটা আবার হেলে পড়ে আবাহনীর দিকে। এরপরই ধীমান ঘোষ ও সোহরাওয়ার্দীর ৬১ রানের জুটিতে আবার ম্যাচে রংবদল। শেষ পর্যন্ত যা শেষ হলো বিতর্ক ও ভিক্টোরিয়ার ৯ রানের হারে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী অনুসরণ করল আগের দিন একই মাঠে রূপগঞ্জের ইনিংসটাকে। তামিম ইকবাল ও অভিষেক মিত্রের উদ্বোধনী জুটি ২১.৪ ওভারেই দলকে এনে দিয়েছিলেন ৯৭ রান। সেখান থেকেই দলটি অলআউট ২২১ রানে। ১৩১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর মোসাদ্দেক হোসেন ও আবুল হাসান ৭২ রানের জুটি না গড়লে এই রানটাও হয় না। ৮৮ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৩ রান করে ডি সিলভার বলে এলবিডব্লু হয়েছেন তামিম। মাঠ ছাড়ার সময় আবাহনী অধিনায়ককেও সন্তুষ্ট মনে হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-ভিক্টোরিয়া, ফতুল্লা
আবাহনী: ৫০ ওভারে ২২১ (তামিম ৬৩, অভিষেক ৪৪, আবুল হাসান ৪৩, মোসাদ্দেক ৩৪; ডি সিলভা ৬/৩৫, কামরুল ৩/৩৮)। ভিক্টোরিয়া: ৪৭.৩ ওভারে ২১২ (আল আমিন ৫৬, সোহরাওয়ার্দী ৪৫, ধীমান ৩১, ডি সিলভা ২৫, মুমিনুল ২০; তাসকিন ২/২৯, মোসাদ্দেক ২/৩৪, জুবায়ের ২/৪১, নাজমুল ২/৪৩, সাকলাইন ২/৪৬)।
ফল: আবাহনী ৯ রানে জয়ী।
ম্যাচসেরা : চতুরাঙ্গা ডি সিলভা।