বিদায় জানাবেন টেস্টকে!
দুনিয়াজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি তো আছেই। সংক্ষিপ্ত সংস্করণের এত ক্রিকেটের ভিড়ে টেস্টটাই নিয়মিত খেলা হয় না ক্রিস গেইলের! ২০১০ সালের মার্চ মাসের পর ওয়েস্ট ইন্ডিজের খেলা ৪১ টেস্টের মধ্যে গেইল খেলেছেন ১৮টি! গত দুই বছরের চিত্রটাও বদলায়নি, ১৫ টেস্টের মধ্যে খেলেছেন ৮টি। পিঠের চোটটাও ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরেই, সর্বশেষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে খেলেননি। বয়স ৩৫, সামনে অতি ব্যস্ত সূচি। তবে কি টেস্টকে বিদায় জানাবেন এই বিস্ফোরক ব্যাটসম্যান? সম্ভাবনাটা উড়িয়ে দেননি তিনি, ‘সম্ভাবনা তো আছেই। আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না।’ তবে তাড়াহুড়ো না করে আগে বোর্ডের সঙ্গে আলোচনা করতে চান সাবেক অধিনায়ক। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম গ্রুপ ম্যাচ আজই, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ খেলতে পার্থে এসে গত মঙ্গলবার ডিজিসেল ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে রসিক গেইল বলেছেন, ‘বিশ্বকাপের পর দেখা যাক কী হয়। ক্রিস গেইল আসলে কোন দিকে যায়। অথবা এক কাজ করা যায়, বসে আলোচনা করা যায়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমরা কীভাবে খেলতে পারি।’ এমনিতেও বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নেই গেইলের। সামনে আইপিএল, সেই সময় ওয়েস্ট ইন্ডিজের সিরিজ ইংল্যান্ডের সঙ্গে। গেইল কোনটিকে বেছে নেন, সময়ই বলে দেবে। ক্রিকইনফো।