বিদায় ভেট্টোরি

অনেক তারা নতুন করে জ্বলে উঠল এ বিশ্বকাপে। আবার অনেক তারা বিদায় নিল ক্রিকেট-আকাশ থেকে; ড্যানিয়েল ভেট্টোরি তাঁর মধ্যে একজন। বিদায় নেবেন জানাই ছিল। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা এল আজ। বিশ্বকাপ-মিশন শেষে নিউজিল্যান্ডে ফিরেই সাংবাদিকদের জানিয়ে দিলেন, ‘বিদায় আন্তর্জাতিক ক্রিকেট’! ২০১৫ বিশ্বকাপের ফাইনালটিই হয়ে থাকল তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নিউজিল্যান্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয়েছে বিদায়ের খবরটি।
বিদায় ক্ষণটি স্মরণীয় করে রাখতে চেয়েছিল কিউইরা। ম্যাককালাম তো আগেই জানিয়েছিলেন, ভেট্টোরির জন্য বিশ্বকাপ জিততে চান। তা আর হয়ে ওঠেনি। পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকেও ফাইনালে এসে পরাজয় মানতে হলো নিউজিল্যান্ডকে। তবে তা নিয়ে খুব একটা আক্ষেপ নেই তাদের। শিরোপা না জিততে পারলেও সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন। ফাইনালের এক দিন পর অকল্যান্ড বিমানবন্দরে নেমেই ভেট্টোরিরা সিক্ত হলেন ভক্ত-সমর্থকদের ভালোবাসায়। বিমানবন্দরেই আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের কথা জানিয়ে দিলেন ৩৬ বছর বয়সী কিউই স্পিনার।
জীবনের অর্ধেকটাই ক্রিকেটকে দিয়েছেন ভেট্টোরি। ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অভিষেক। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু। ১৮ বছর পর এসে শেষটা করলেন ওয়ানডে দিয়ে। টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। গত বছরের নভেম্বরে শারজায় পাকিস্তানের সঙ্গে খেলা তাঁর শেষ টেস্ট ম্যাচে জয় পেয়েছিল কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ও ওয়ানডে খেলার রেকর্ড তাঁর দখলেই। পালন করেছেন দলের অধিনায়কের দায়িত্বও। খেলেছেন পাঁচ বিশ্বকাপ। ’৯৯ বিশ্বকাপে অবশ্য মাঠে নামার সুযোগ পাননি। তবে ২০০৩ বিশ্বকাপ থেকে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত ছিলেন দলের অপরিহার্য সদস্য।
ক্যারিয়ার সায়াহ্নে এসে বেশ ভুগতে হয়েছে তাঁকে। একের পর এক চোট আর অসুস্থতায় বারবার ছিটকে গেছেন মাঠের বাইরে। একাধিকবার যেতে হয়েছে শল্য চিকিৎসকের ছুরির নিচে। ফর্মটাও ঠিক সুস্থির ছিল না। এত কিছুর পর বিদায় নেওয়ার জন্য বিশ্বকাপ ফাইনালের চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারত? তাঁর কণ্ঠেও একই কথা, ‘শেষ ম্যাচ হিসেবে ‘‘ফাইনাল’’ খেলাটা দারুণ ব্যাপার। জিততে পারলে আরও বেশি ভালো লাগত। তবুও দলের সবার জন্য গর্বিত। শেষ ছয় সপ্তাহ অসাধারণ ছিলাম।’
১১৩ টেস্টে ৩০ গড়ে ৪৫৩১ রান, উইকেটে ৩৬২টি। টেস্টে ৪০০০-এর বেশি রান, একই সঙ্গে ৩০০-এর বেশি উইকেট নেওয়া মাত্র তিনজনের একজন তিনি। অন্য দুজন কপিল দেব ও ইয়ান বোথাম। ২৯৫ ওয়ানডেতে রান পেয়েছেন ২২৫৩, উইকেট ৩০৫টি। এই বিশ্বকাপেই নিয়েছেন ১৫ উইকেট।
ভেট্টোরির জায়গাটা পূরণ হওয়া কঠিন। অধিনায়ক ম্যাককালাম বললেন, ‘আমরা আমাদের সর্বকালের সেরা একজন খেলোয়াড়কে হারাতে যাচ্ছি। তাঁর বিদায়ে যে শূন্য স্থানের সৃষ্টি হবে, তা পূরণ করা সহজ হবে না। আমরা তাঁর অভাবটা টের পাব।’
মাঠে না নামাটা নিশ্চয় ‘মিস’ করবেন এ অলরাউন্ডার। ক্রিকেটও নিশ্চয় মিস করবে প্রফেসরসুলভ সৌম্য চেহারার দুর্দান্ত ভেট্টোরিকে। তথ্যসূত্র: এএফপি।