বিদায়ী উপহার পাবেন ম্যাককালাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতর্কবার্তাটা আগেই দিয়ে রেখেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর বিদায়ী উপহার নিয়ে বেশি চিন্তিত হয়ে যাতে খেলা থেকে নিউজিল্যান্ডের মনোযোগ সরে না যায়, সেটা মাথায় রাখতে বলেছিলেন। প্রথম ওয়ানডেতে কিউইদের ১৫৯ রানের দুর্দান্ত জয়ের পর মনে হচ্ছিল, মনোযোগটা খেলাতেই আছে। কিন্তু সেই নিউজিল্যান্ডই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারল ৪ উইকেটে। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠে গেল আসলেই কি কিউইদের পুরো মনোযোগ খেলায়, নাকি ম্যাককালামকে দারুণ একটা বিদায় দেওয়ার চিন্তাটা বেশি পেয়ে বসেছে তাদের?
প্রশ্নটার জবাব দিয়েছেন নিউজিল্যান্ডের ভাবী অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাককালামের বিদায়-ভাবনা তাঁদের মনোবিচ্যুতি ঘটাচ্ছে না বলে দাবি ‘কিং’ উইলিয়ামসনের, ‘বাজের (ম্যাককালাম) জন্য এটা বড় একটা মুহূর্ত, দলের সবার জন্যও। প্রায় সবাই-ই তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছে। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য কালকের (আজ) ম্যাচটা জেতা।’
‘কালকের ম্যাচ’ মানে আজ তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। চ্যাপেল-হ্যাডলি ট্রফি ধরে রাখতে হলে যে ম্যাচটা জিততেই হবে নিউজিল্যান্ডকে। ২৬০তম ওয়ানডে ম্যাচটা খেলে বিদায় বলতে যাওয়া ম্যাককালামকে সেরা উপহারটা দিতে হলেও।
অঘোষিত ফাইনালে রূপ নেওয়া এই ম্যাচের আগেই অবশ্য একটা দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। পায়ের চোটের কারণে হ্যামিল্টনে আজ শেষ ম্যাচটা না-ও খেলতে পারেন কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনার। আগের দুই ম্যাচ মিলিয়ে যার ৮০ রান ও ৫ উইকেট—এমন একজনকে হারানো নিউজিল্যান্ডের জন্য একটা ধাক্কাই। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের পরিসংখ্যানও নিউজিল্যান্ডের পক্ষে খুব একটা নেই। ২০০৭ সালের পর অস্ট্রেলিয়াকে কখনো দ্বিপাক্ষিক সিরিজে হারাতে পারেনি নিউজিল্যান্ড। এই মানসিক বাধাটা কি আজ উতরাতে পারবে ব্রেন্ডন ম্যাককালামের দল?
অস্ট্রেলিয়া দলে প্রায় উল্টো ছবি। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। অসুস্থতা থেকে সেরে ওঠা কোচ ড্যারেন লেম্যানকে পেয়ে দারুণ উজ্জীবিত স্টিভেন স্মিথের দল। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফেরা উসমান খাজা টেস্টের ফর্মটাকে টেনে নিয়ে এসেছেন ওয়ানডেতেও। সব মিলিয়ে দারুণ ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া।
ম্যাককালামকে বিদায়ী উপহার দেওয়াটা কিন্তু সহজ হবে না উইলিয়ামসনদের জন্য। ক্রিকইনফো।