দৃশ্য এক, পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে শেষবারের মতো সতীর্থদের সঙ্গে গ্রুপ ছবি তুললেন মিসবাহ-উল-হক ও ইউনিস খান। মনের ভেতরে যা-ই থাক, বাইরের মিসবাহ যথারীতি আবেগশূন্য। ইউনিস অবশ্য অতটা শক্ত হতে পারলেন না, কেঁদেই ফেললেন।
দৃশ্য দুই, আগের দিন আউট হয়ে ফেরার পথে গার্ড অব অনার পেয়েছিলেন মিসবাহ-ইউনিস দুজনই। কালও মাঠে ঢোকার আগে তাঁদের গার্ড অব অনার দিলেন সতীর্থরা।
ম্যাচ শেষের তৃতীয় দৃশ্যটা এই প্রতিবেদনে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম সিরিজ জিতেই কি মিসবাহ-ইউনিসকে বিদায় দিয়েছে পাকিস্তান? এই প্রতিবেদন লেখার সময় চা-বিরতি পর্যন্ত ক্যারিবীয়রা ৬ উইকেটে করেছে ১৪৬ রান। জিততে পাকিস্তানের দরকার ছিল ৪টি উইকেট, দিনে বাকি ছিল ৩৮ ওভার। তবে ক্যারিবীয়দের আশার প্রতীক হয়ে ক্রিজে ছিলেন রোস্টন চেজ (৬৬) ও অধিনায়ক জেসন হোল্ডার (২২)।
পরশু ডমিনিকায় শেষ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ১৭৪ রানেই। এরপর সপ্তম ওভারের তৃতীয় বলে ইয়াসির শাহ ফেরান কাইরান পাওয়েলকে। কাল দিনের শুরুতেও আবার আঘাত ইয়াসিরের, এই লেগ স্পিনার এবার তুলে নেন ক্রেগ ব্রাফেটকে। প্রথম সেশনেই ক্যারিবীয়রা হারায় আরও দুই উইকেট। শিমরন হেটমায়ার বোল্ড হয়েছেন মোহাম্মদ আমিরের বলে, শাই হোপ এলবিডব্লু হয়েছেন হাসান আলীর বলে। পরাজয় তখনই উঁকি দিচ্ছিল, দ্বিতীয় সেশনে সেটিকে চোখ রাঙানিতে পরিণত করেন ওই ইয়াসিরই। বিশল ও ডাওরিচকে দুজনকে ফেরালেন শর্ট লেগে ক্যাচ দিতে বাধ্য করে। টেন ৩, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৭৬ ও ৫৭ ওভারে ১৭৪/৮ ডি. (আজহার ৩, মাসুদ ২১, আজম ০, ইউনিস ৩৫, মিসবাহ ২, শফিক ১৩, সরফরাজ ৪, আমির ২৭, ইয়াসির ৩৮*, হাসান ১৫*; জোসেফ ৩/৫৩, গ্যাব্রিয়েল ২/২৪, বিশু ২/৫৪, চেজ ১/৩১)। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৭ ও ৩৩ ওভারে ৭৩/৪ (ব্রাফেট ৬, পাওয়েল ৪, হেটমায়ার ২৫, হোপ ১৭, চেজ ১৯*, বিশল ১*; ইয়াসির ২/৪৩, আমির ১/৮, হাসান ১/১০)। (অসমাপ্ত)