বিদায় বলবেন কি না ভাবছেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

মঞ্চটা প্রস্তুত আছে এখনো, বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়ে অবসরে যাওয়ার। ২০১৫ বিশ্বকাপ শেষেই শহীদ আফ্রিদি ঘোষণা দিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ, এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। সেই মুহূর্ত চলে এল প্রায়, দুয়ারে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বিদায়ের ঠিক প্রান্তেই পাকিস্তানি অলরাউন্ডারের মুখে অন্য সুর। খেলা চালিয়ে যাওয়ার চিন্তা করছেন আফ্রিদি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টেনেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। সে বিশ্বকাপ জিতে বিদায়ী উপহারটা পেয়েছিলেন এ দুজন। আফ্রিদির সামনেও এবার সে সুযোগ। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া। স্বপ্নের সমাপ্তি যাকে বলে।
তবে আফ্রিদি জানাচ্ছেন, পরিবার ও বন্ধুবান্ধবের অনুরোধে অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি এখন দ্বিধান্বিত, ‘বলছি না আমি অবসর নেব না। আমি শুধু এটাই বলছি, যেন অবসর না নেই, এ নিয়ে আমার ওপর অনেক চাপ। তাঁদের ধারণা, আমার খেলা চালিয়ে যাওয়া উচিত, যেহেতু পাকিস্তানে ওরকম মেধাবী কোনো খেলোয়াড় উঠে আসছে না যার জায়গা আমি দখল করে রেখেছি।’
তবে নিজের অবসর নয়, আফ্রিদি আপাতত সব মনোযোগ টুর্নামেন্ট ও দলের ওপরই রাখছেন বলে জানালেন, ‘এ বিষয়ে আমার ওপর অনেক চাপ। কিন্তু আপাতত বিশ্বকাপেই দৃষ্টি রাখছি আমি। বিশ্বকাপে পাকিস্তান কী করে সেটা দেখতে চাই। আমার পারফরম্যান্স দলে অবদান রাখতে পারছে কি না সেটা দেখব। শারীরিকভাবে দুর্দান্ত অবস্থায় আছি, খেলতে কোনো সমস্যা নেই আমার। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার আগে পরিষ্কার করে কিছু বলতে পারছি না।’
২০০৯ সালে আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের একমাত্র শিরোপাটি এসেছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এই অলরাউন্ডার এর আগেও বেশ কবার অবসর নিয়ে দুই রকম সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এবার অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন, পরেই আবার ‘চাপের মুখে’ ফিরে আসেন। ৩৬ বছর বয়সী আফ্রিদি এবার কী করেন, সেটাই দেখার।