বিদায় বললেন ক্রিকেটের ‘ছোট দেশে’র বড় তারকা
নেপালের ক্রিকেটের উত্থানটাই কেবল দেখেননি, প্রত্যক্ষ অবদানও ছিল তাঁর। আইসিসির সহযোগী সদস্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অধিনায়কত্ব করা নেপালের পরশ খাড়কা এবার বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বয়স ৩৩ হলেও খাড়কা পেরিয়ে এসেছেন দীর্ঘ পথ।
২০০২ সালে নেপাল অ-১৫ পর্যায়ে খেলা শুরু করেছিলেন এ অলরাউন্ডার। খাড়কার অধিনায়কত্বেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ও ওয়ানডে মর্যাদা পেয়েছিল নেপাল।
প্রথমটি ২০১৪ সালে, পরেরটি ২০১৮ সালে। প্রথমবারের মতো বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টেও নেপালের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল নেপাল, যেটি হয়েছিল বাংলাদেশে।
২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন খাড়কা। ২০১৬ সালে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নেপালের ক্রিকেট সংস্থার সদস্যপদ বাতিল করেছিল আইসিসি। ২০১৯ সালে সে সদস্যপদ ফিরে পায় নেপাল। এরপরই অধিনায়কত্বকে বিদায় বলেন খাড়কা।
সব মিলিয়ে ১০টি ওয়ানডের সঙ্গে ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন খাড়কা। নেপালের হয়ে দুই সংস্করণেই প্রথম সেঞ্চুরির কীর্তিটা তাঁর। খাড়কার ওয়ানডে সেঞ্চুরিটি এখন পর্যন্ত নেপালের একমাত্র হয়ে আছে। ওয়ানডেতে ৩১৫, টি-টোয়েন্টিতে ৭৯৯ রান আছে তাঁর। সঙ্গে আছে ১৭টি উইকেটও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে ১০ জন অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন, খাড়কা তাঁদের একজন। টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে ৬ষ্ঠ সর্বোচ্চ জুটিরও অংশ ছিলেন নেপালের সাবেক এ অধিনায়ক। এ সংস্করণে এক পঞ্জিকাবর্ষে ৫০০ রান করার কীর্তিও আছে তাঁর। সর্বশেষ আইসিসির দশকসেরা সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন খাড়কা।
বিদায়বেলায় অবসরের কারণটাও ব্যাখ্যা করেছেন খাড়কা, ‘এখনই কেন অবসর নিচ্ছি? কারণ, সময়টা এসে গেছে। ক্রিকেটার হিসেবে সবকিছুই দিয়েছি আমি। দেশের হয়ে সব সময়ই ভালো করার স্বপ্ন দেখেছি। সবচেয়ে বড় স্বপ্নটা ছিল নেপালে একটা ভালো ক্রিকেটীয় কাঠামো গড়ে উঠতে দেখা। এর পেছনেই গত দুই দশকে নিজের সবকিছু বিলিয়ে দিয়েছি আমি। উন্নতি করতে ক্রিকেট সম্প্রদায় এবং অন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই চেষ্টা করলে আমরা এটা করতে পারব বলে আমার বিশ্বাস।’
গত বছরের মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বাঞ্চলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকছে খাড়কার শেষ আন্তর্জাতিক ম্যাচ।