বিদায় বললেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জার্সি গায়ে আর দেখা যাবে না যুবরাজকে। ছবি : টুইটার
ভারতের জার্সি গায়ে আর দেখা যাবে না যুবরাজকে। ছবি : টুইটার
>২০১১ সালে ক্যানসার ধরা পড়েছিল তাঁর। জীবনের জন্য লড়েছেন তিনটি বছর। ক্যানসারকে পরাজিত করে পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফিরেছেন। কিংবদন্তি তো হয়ে গেছেন তাতেই। ভারতের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ। ২০ ওভারের ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা—সবকিছুই ম্লান জীবনের সঙ্গে যুবরাজের লড়াইয়ে। সেই লড়াকু যোদ্ধা আজ বিদায় বললেন আন্তর্জাতিক ক্রিকেটকে। শেষ হলো ভারতীয় ক্রিকেটের এক বিশেষ অধ্যায়েরই

ক্রিকেট মাঠের অনেক লড়াইয়ে জিতেছেন। দেশকে জিতিয়েছেন একটি টি-টোয়েন্টি আর একটি ওয়ানডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে নিজেকে তুলেছেন ইতিহাসে। জীবনের লড়াইয়েও জিতেছেন বড় ব্যবধানে। প্রাণঘাতী ক্যানসারও দৌড়ে পালিয়ে গেছে তাঁর লড়াকু মানসিকতায়। অনেক বড় লড়িয়েও একসময় ক্লান্ত হয়ে যান, লড়াই থেকে দূরে সরে যেতে চান। যুবরাজ সিং হয়তো তেমনই। অনেক বড় বড় যুদ্ধে জিতেও শেষ পর্যন্ত সময়ের কাছে হার মানলেন তিনি। নতুনকে জায়গা ছেড়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বলে দিলেন, অনেক হয়েছে, এবার বিদায়!

সময় সত্যিই বড় নিষ্ঠুর। একসময় যে ক্রিকেটারটি ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ, সেই যুবরাজই অনেক দিন ধরেই ছিলেন ‘অপ্রয়োজনীয়’। শেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, টি-টোয়েন্টিও তা-ই। সাদা পোশাকে ধ্রুপদি ক্রিকেটে শেষ আবির্ভাব ৭ বছর আগে। সেই ২০১২-তে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘গুডবাই’ প্রায় হয়েই গিয়েছিল। আজ মুম্বাইতে সারলেন আনুষ্ঠানিকতাটুকু। যুবরাজের বিদায়ে ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায়েরই যেন সমাপ্তি ঘটে গেল।

২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নকআউট টুর্নামেন্টে (এখন চ্যাম্পিয়নস ট্রফি) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক যুবরাজের। তাঁর ব্যাপারটা ছিল ‘ভিনি’ ‘ভিডি’ ‘ভিসি’—এলেন, দেখলেন আর জয় করলেন টাইপ। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ম্যাকগ্রা, ওয়ার্নদের অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ বলে ৮৪ রানের এক ইনিংস খেলেছিলেন। প্রথম দিনই বুঝিয়ে দিয়েছিলেন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে কতটা কার্যকর তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি যুবরাজকে। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ভারতকে জেতানোর পেছনে তাঁর ৬৯ রানের ইনিংসের বড় অবদান ছিল। ওয়ানডে দলের অবিচ্ছেদ্য অংশ হলেও টেস্টে অবশ্য খুব সফল নন তিনি। ২০০৩ সালে টেস্ট অভিষেক হলেও ৪০টির বেশি ম্যাচ খেলতে পারেননি।

ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ে যুবরাজের অবদান অবিস্মরণীয়। ২০১১ সালে ঘরের মাঠে যুবরাজের কাঁধে চড়েই বলতে গেলে ২৮ বছরের বিশ্বকাপ-খরা কাটায় ভারত। পুরো টুর্নামেন্টে ৪টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে যুবরাজে করেছিলেন ৩৬২ রান। বল হাতেও ছিলেন সফল, ১৫ উইকেট নেন। টুর্নামেন্টে চারবার ম্যাচসেরা হন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও তিনিই ছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন। সে ম্যাচে তাঁর ১২ বলে ৫০ রানের ইনিংসটি কিন্তু ভারতের শিরোপায় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল।

পাঞ্জাবি ক্রিকেটার ও অভিনেতা যোগরাজ সিংয়ের ছেলে যুবরাজের ক্যারিয়ার রোমাঞ্চে ঠাসা। ২০১১ সালে ক্যানসার ধরা পড়ার পর ২০১৪ সাল পর্যন্ত প্রায় তিন বছর ক্রিকেটের বাইরে ছিলেন। ২০১৭ সালে ফিরেই প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৫০ রানের ইনিংস খেলেছিলেন মাত্র ১২৭ বলে।

মুম্বাইয়ের এক হোটেলে ডাকা সংবাদ সম্মেলনে বেশ আবেগপ্রবণ ছিলেন, ‘আমি বলব আমি যথেষ্টই সৌভাগ্যবান, ভারতের হয়ে চার শরও বেশি ম্যাচ খেলতে পেরেছি। পেছনে ফিরে তাকালে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে, লাহোরে আমার প্রথম টেস্ট সেঞ্চুরি, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ, ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, সেই ছয় ছক্কা— এগুলোই আমার ক্যারিয়ারের হাইলাইট হয়ে থাকবে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (ঢাকায়) শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ১১ করেছিলাম। ক্যারিয়ারের সবচেয়ে জঘন্য দিন ছিল সেটা। মনে হচ্ছিল, আমার ক্যারিয়ারই শেষ!’
আরও একটি দারুণ রেকর্ড নিয়েই বিদায় বললেন যুবি। ক্রিকেট ইতিহাসের একমাত্র তিনিই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটটা খেলে যাবেন তিনি। রঞ্জি ট্রফিতে তিনি খেলেন পাঞ্জাবের হয়ে। আইপিএলেও খেলবেন। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে একবার আইপিএলের শিরোপাও জেতা হয়েছে যুবরাজের।