বিদায় বললেন হাডিনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে ব্র্যাড হাডিনের অবসর ঘোষণা। কাল সিডনিতে l এএফপি
সংবাদ সম্মেলনে ব্র্যাড হাডিনের অবসর ঘোষণা। কাল সিডনিতে l এএফপি

ব্র্যাড হাডিনের অবসরের গুঞ্জনটা উঠেছিল তখনই। চার বছর বয়সী অসুস্থ কন্যার পাশে থাকার জন্য লর্ডস টেস্টের অস্ট্রেলিয়া দল থেকে যখন সরে দাঁড়ালেন নিজেই। দেড় মাস পর সেই গুঞ্জনটাকে সত্যি করলেন তিনি নিজেই। কাল সিডনিতে এক সংবাদ সম্মেলনে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটসম্যান। গত বিশ্বকাপ জয়ের পরই অবসর নেন ওয়ানডে থেকে। তার মানে হাডিন বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকেই।
পাতা ঝরার এক মৌসুমই যেন চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। এবার অ্যাশেজের পর একে একে বিদায় বললেন মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স ও শেন ওয়াটসন। মিছিলের সর্বশেষ যাত্রী ৬৬টি টেস্ট খেলা হাডিন। ৩৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান অবসর ঘোষণা করে একেবারেই অনুতপ্ত নন, তিনি জানতেন অ্যাশেজ থেকে সরে দাঁড়ানোর পর দলে ফেরার কোনো আশা নেই। স্ত্রী কারিনা ও দুই সন্তান মিয়া ও জ্যাককে পাশে নিয়ে হাডিন বললেন পরিবারের পাশে থাকাটাই তাঁর কাছে এখন বড়, ‘অস্ট্রেলিয়ার অন্য সব বাবার চেয়ে আমি আলাদা নই। সবাই নিজের পরিবারকে এগিয়ে রাখে এবং সেটি করছি বলে আমার কোনো দুঃখবোধ নেই।’
মাত্র ১৭ মাস বয়সে মেয়ে মিয়া আক্রান্ত হয় এক বিরল ক্যানসারে। সে জন্য ২০১২ সালে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি। এবার অ্যাশেজের মাঝপথে দল থেকে সরে দাঁড়ানোর কারণও ওই মিয়ার অসুস্থতা, ‘সে সময় আমার পরিবারের দরকার ছিল আমাকে। সত্যিটা হলো, ওই অবস্থায় শতভাগ মনোযোগ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা আমার পক্ষে সম্ভব ছিল না।’ দল থেকে সরে দাঁড়ানোর পর আর খেলা চালিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাননি হাডিন, ‘লর্ডসের পর আমি বুঝতে পারলাম অনেক খেলেছি। অ্যাশেজ সফরেই আমার খিদেটা হারিয়ে গেছে। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুবই সহজ।’
উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ সর্বোচ্চ ৬৬টি টেস্ট খেলেছেন হাডিন। টেস্টে ২৭০টি ডিসমিসাল নিয়ে অ্যাডাম গিলক্রিস্ট, ইয়ান হিলি ও রডনি মার্শের পরই তাঁর অবস্থান। কমপক্ষে ১৩টি টেস্ট খেলা অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে ৩২.৯৮ ব্যাটিং গড় নিয়ে তিনি কেবল পূর্বসূরি গিলক্রিস্টের (৪৭.৬১) চেয়ে পেছনে রয়েছেন। গিলক্রিস্টের কারণেই ব্যাগি গ্রিনটা মাথায় উঠেছে ৩০ বছর বয়সে!
উইকেটকিপিংয়ের পাশাপাশি গত দুই বছরের বেশিটা জুড়েই ছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্কের ডেপুটি। বিদায়বেলায় অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ, কোচ ড্যারেন লেম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড শ্রদ্ধা জানিয়েছেন হাডিনকে। স্মিথ বলেছেন, ‘সে আমার খুব ভালো পরামর্শদাতা ছিল। নিউ সাউথ ওয়েলস দলে খেলার সময় অনেক কিছু শিখেছি তার কাছ থেকে।’ স্মিথকে ‘দুর্দান্ত এক নেতা’ বলে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ককে প্রশংসা করেছেন হাডিন। তাঁর জীবনে এখন ক্রিকেট বলতে থাকছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে টি-টোয়েন্টি খেলে যাওয়া। এএফপি, ক্রিকইনফো।

ব্র্যাড হাডিনের টেস্ট ক্যারিয়ার (২০০৮-২০১৫)
ম্যাচ          রান          সর্বোচ্চ            গড়       ১০০/৫০       ক্যাচ/স্টাম্পিং
৬৬          ৩২৬৬        ১৬৯             ৩২.৯৮       ৪/১৮          ২৬২/৮