বিদায় বলে দিলেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রেসিংরুমের ব্যালকনি থেকে মাইকেল ক্লার্ক বিমর্ষ মুখে দেখলেন দলের হারের মুহূর্তটা। এর একটু পরেই নেমে এসে জানিয়ে দিলেন ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। কাল ট্রেন্ট ব্রিজে l রয়টার্স
ড্রেসিংরুমের ব্যালকনি থেকে মাইকেল ক্লার্ক বিমর্ষ মুখে দেখলেন দলের হারের মুহূর্তটা। এর একটু পরেই নেমে এসে জানিয়ে দিলেন ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। কাল ট্রেন্ট ব্রিজে l রয়টার্স

ম্যাচটা শেষ হওয়ার পরপরই তাঁকে ক্যামেরার সামনে ডেকে এনেছিলেন শেন ওয়ার্ন। মাইক্রোফোনের সামনে খবরটা নিশ্চিত করতে গিয়ে চোখ টলমল করে উঠল মাইকেল ক্লার্কের। অনেক কষ্টে সামলে নিলেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাইক আথারটনের সামনে আবারও সিদ্ধান্তটা জানাতে গিয়ে আর পারলেন না। গলা ধরে এল, চোখের কোণে জল। তারপরই আবার নিজেকে সামলে নিয়ে বিব্রত হেসে বললেন, ‘টেলিভিশনে কাঁদতে আর ভালো লাগে না।’
কান্নাটাই অবশ্য তখন স্বাভাবিক মনে হচ্ছিল। প্রায় এক যুগের ক্যারিয়ার শেষের ঘোষণা দিয়েছেন একটু আগে। এটুকু আবেগাপ্লুত তো হতেই পারেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ট্রেন্ট ব্রিজে কাল দিনের খেলা শুরুর আগেই। ম্যাচ শেষে চ্যানেল নাইনের ধারাভাষ্যকার ও কাছের বন্ধু শেন ওয়ার্নের সঙ্গে কথা বলার সময় ক্লার্ক নিশ্চিত করলেন, ‘আর একটি টেস্টই খেলব, ওটাই হবে আমার ক্যারিয়ারের শেষ। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তবে আমি এখনই ছেলেদের ফেলে রেখে জাহাজ থেকে নেমে যেতে চাই না। তাই ওভালে শেষ টেস্টটা খেলব, শেষ চেষ্টাটা করতে চাই। কিন্তু এটাই সরে যাওয়ার সময়।’
ব্যাটে রান নেই বেশ কিছুদিন ধরে। ক্লার্কের শেষ চলে এসেছে—অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে এমন লেখালেখি চলছিল কয়েক দিন ধরেই। তবে তীব্র সমালোচনার মুখেও ট্রেন্ট ব্রিজ টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছিলেন, ক্রিকেট ছাড়ার কোনো ইচ্ছে নেই তাঁর। পাশেও পেয়েছিলেন অনেককে। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারই যেমন বলেছিলেন, ‘নিজের ইচ্ছেমতো বিদায় বলার সুযোগটা ক্লার্কের প্রাপ্য।’

স্বামীর অবসরের ঘোষণা শুনে চোখ মুছছেন স্ত্রী কাইলি ক্লার্ক l রয়টার্স
স্বামীর অবসরের ঘোষণা শুনে চোখ মুছছেন স্ত্রী কাইলি ক্লার্ক l রয়টার্স

শেষ পর্যন্ত নিজের ইচ্ছেতেই বিদায় নিলেন। তবে সেটা যে ঠিক মনঃপূত হয়নি, তা বোঝা যাবে ক্লার্কের কথা শুনলেই, ‘খেলাটা ছাড়তে তো ইচ্ছে করে না কখনই। কিন্তু সর্বশেষ ১২ মাসে আমার পারফরম্যান্স নিজের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি ড্রেসিংরুমে কাউকে দোষ দিচ্ছি না। নিজেই সামনে থেকে নেতৃত্ব দিতে পারিনি।’ ঠিক কোন মুহূর্তে ক্রিকেট ছাড়ার চিন্তাটা মাঠায় এল, সেটাও বললেন, ‘গত রাতে (পরশু) সাড়ে ৭টার দিকে আমি আমার সুন্দরী স্ত্রী (কাইলি ক্লার্ক) আর সবচেয়ে প্রিয় বন্ধু ওয়ার্নিকে (শেন ওয়ার্ন) কথাটা বললাম। ওরা দুজনই আমার সিদ্ধান্তটা শতভাগ সমর্থন করল।’
২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে পাকাপাকিভাবে রিকি পন্টিংয়ের বদলে অধিনায়ক হয়েছিলেন। সর্বশেষ বিশ্বকাপের পর বিদায় বলে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটকে। আরেকটি বাংলাদেশ সফরের আগে ক্লার্ক-অধ্যায়ই শেষ হয়ে যাচ্ছে। পন্টিং-উত্তর টালমাটাল সময়ে শক্ত হাতে ধরেছিলেন দলের হাল। তাঁর নেতৃত্বে ৪৬ টেস্টে ২৩টি জয় পেয়েছে অস্ট্রেলিয়া, হেরেছে ১৬টিতে। ৭৪ ওয়ানডের ৫০টি জিতেছে, হার ২১টিতে। দলকে তুলেছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে, নেতৃত্ব দিয়েছেন গত বছর দেশের মাটিতে ৫-০ ব্যবধানে অ্যাশেজ জয়ে। চতুর্থ অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপও। দারুণ সব অর্জনই বিদায়বেলায় ক্লার্ককে করেছে আরও আবেগাপ্লুত, ‘অস্ট্রেলিয়ার হয়ে এক শর বেশি টেস্ট খেলেছি। এ তো বিরাট সৌভাগ্যের। সব সময়ই বলেছি, ক্রিকেট আমার কাছে ঋণী নয়, আমিই ক্রিকেটের কাছে ঋণী। এত দীর্ঘ দিন খেলতে পেরেছি বলে আমি কৃতজ্ঞ।’
কৃতজ্ঞতা বর্তমান ও সাবেক সতীর্থদের প্রতিও, ‘যখন প্রথম দলে এলাম, ১১ জন বড় ভাইকে পেয়েছিলাম। যারা আমাকে সাহায্য করেছে মানিয়ে নিতে, যাতে আমি দলকে সাহায্য করতে পারি। আশা করি, সেটা করতে পেরেছি।’ এএফপি, রয়টার্স।
এ নিয়ে কোনো তর্ক নেই!
মাইকেল ক্লার্কের দুর্দশা
সিরিজের প্রথম ৪ টেস্টের ৮ ইনিংসে ১৬.৭১ গড়ে ১১৭ রান মাইকেল ক্লার্কের। ব্যাটিং গড়টা ১৯৬৪ সালের পর অ্যাশেজে কোনো ব্যাটসম্যান-অধিনায়কের দ্বিতীয় সর্বনিম্ন। ২০১০-১১ মৌসুমে ১৬.১৪ গড়ে ১১৩ রান করেছিলেন ক্লার্কের পূর্বসূরি রিকি পন্টিং।
টেস্টে সর্বশেষ ৩০ ইনিংসে ২৮.৪০ গড়ে ৭১০ রান ক্লার্কের। এই সময়ে মাত্র দুবার পঞ্চাশ ছাড়িয়েছেন, দুবারই সেঞ্চুরি কেরছেন।
সেঞ্চুরির দুটি ইনিংস বাদ দিলে এই সময়ে ২৮ ইনিংসে মাত্র চারবার ২৫ পেরিয়েছেন ক্লার্ক। এই ২৮ ইনিংসে ক্লার্কের রান ১৭.৫৪ গড়ে ৪২১।
টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে ক্লার্কের সর্বোচ্চ ইনিংস ৪৭ রানের।
২০১২ সালে ১৮ ইনিংসে ১৫৯৫ রান করেছিলেন ক্লার্ক। ২০১২–এর পর ৫১ ইনিংসে করেছেন ১৭১৮।
ব্যাটিং গড়ে ক্লার্কের দুঃস্বপ্নের পাঁচ সিরিজ
৮.৭৫
২ ম্যাচ ৪ ইনিংস
৩৫ রান
বিপক্ষ ভারত ২০১০
১২.০০
২ ম্যাচ ৩ ইনিংস
২৪ রান
বিপক্ষ ও. ইন্ডিজ ২০০৫
১২.৬৬
৩ ম্যাচ ৩ ইনিংস
৩৮ রান
বিপক্ষ নিউজিল্যান্ড ২০০৫
১৪.২৫
২ ম্যাচ ৪ ইনিংস
৫৭ রান
বিপক্ষ পাকিস্তান ২০১৪
১৬.৭১
৪ ম্যাচ ৮ ইনিংস
১১৭ রান
বিপক্ষ ইংল্যান্ড ২০১৫
* সিরিজ অসমাপ্ত