বিদায় বলে রাখলেন ওয়াটসনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিদ্ধান্তটা নেওয়ার জন্য এমন রঙিন দিনই বেছে নিলেন শেন ওয়াটসন! পুরো মোহালি শহর যেন হোলি উৎসবের আবিরে মাখা, আর এমন দিনে অস্ট্রেলীয় অলরাউন্ডার সিদ্ধান্ত নিলেন, ‘অনেক হয়েছে! আর নয়!’ এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ওয়াটসন।
সর্বশেষ অ্যাশেজের পর টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। সেপ্টেম্বরের পর থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলেও সুযোগ পাচ্ছেন না। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে আছেন। আজ পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের আগে হঠাৎ এই ঘোষণা। অবশ্য ওয়াটসনের সিদ্ধান্তটা এসেছে কয়েক দিন ধরে ভাবনার পর, ‘এক সপ্তাহ ধরে বিষয়টা পরিষ্কার হয়ে আসছিল, এটাই সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার।’
গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের দলের সর্বশেষ সদস্য। সবাই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগে, বাকি ছিলেন শুধু ওয়াটসন। তাঁর নিজের কৃতিত্বও কি কম! সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে ১০ হাজার রান ও ২৫০ উইকেট পাওয়া যে বিরল সাত ক্রিকেটারের দেখা মিলেছে, তাঁর একজন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
ওয়াটসনের অবসর-ভাবনায়ও ছিল সাবেক সতীর্থদের মাঠে না পাওয়ার বিষয়টি, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা সব সময়ই উপভোগ করেছি। কিন্তু এখন ব্যাপারটা একটু ভিন্ন। যাদের সঙ্গে খেলে বড় হয়েছি, কেউই এখন আর দলে নেই।’ এএফপি।