বিদায় বলেও রেহাই নেই ক্লার্কের

অবসরের ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। কাঁদিয়েছিলেনও অনেককে। তখন কি আর মাইকেল ক্লার্ক জানতেন, দুদিন পরই তাঁকে এমন সব বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হবে! অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন, অন্তর্দ্বন্দ্ব চলছে ক্লার্কের দলে, যেটির প্রতিফলন দেখা যাচ্ছে চলতি অ্যাশেজে দলের পারফরম্যান্সে। খবরের দাবি, ক্লার্কের সঙ্গেও নাকি তাঁর সতীর্থদের সম্পর্ক ভালো নয়। যদিও বিদায়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক বিভেদের গুঞ্জনকে একেবারে ‘ফালতু কথা’ বলে উড়িয়েই দিয়েছেন।
ব্রিসবেনের কুরিয়ার মেইল পত্রিকায় সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ক্লার্ক টিম বাসে যাতায়াত করতে চান না এবং সতীর্থদের সঙ্গে মেলামেশায়ও আগ্রহী নন। পত্রিকাটি লিখেছে, ‘তিনি (ক্লার্ক) প্রায়ই টিম বাসের বদলে ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করেন এবং দলের আলোচনা-আড্ডায়ও খুব কম অংশ নেন। যে রাতে তিনি অবসরের সিদ্ধান্ত নেন, সেদিন সতীর্থরা হোটেলের বারে তাঁদের মাঝে ক্লার্কের বিরল উপস্থিতি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত যদিও ক্লার্ক বর্তমান দলের কারও সঙ্গে তাঁর দুঃখটা ভাগাভাগি করার বদলে সেটা করেছেন সাবেক সতীর্থ শেন ওয়ার্নের সঙ্গে।’
কয়েক দিন আগে চ্যানেল নাইনে ট্রেন্ট ব্রিজ টেস্টের ধারাভাষ্য দিতে গিয়ে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ইয়ান হিলি বলে বসেন, স্ত্রী-বান্ধবীদের কারণেই খেলায় মনোযোগ ছিন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কুরিয়ার মেইল-এর প্রতিবেদনেও বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া দলের দুই সিনিয়র খেলোয়াড়ের স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব দলকে অস্থিতিশীল করে তোলে।’ উইকেটকিপার ব্র্যাড হাডিনকে বাদ দেওয়ার বিষয়টিও দলের অস্থিতিশীলতার আরেকটি কারণ বলে তুলে ধরেছে প্রতিবেদনটি।
অস্ট্রেলিয়ার রেডিও ট্রিপল এমের সঙ্গে কথা বলতে গিয়ে এসব খবরের ক্ষুব্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন ক্লার্ক। অন্তর্দ্বন্দ্ব নিয়ে বলেছেন, ‘দলে কোনো অমিল নেই। অন্য যেকোনো অস্ট্রেলিয়া দলের মতোই বর্তমান এই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধনটা বেশ দৃঢ়। আর আলাদা গাড়িতে চলাফেরা করা? কী ফালতু কথা!’
স্ত্রী-বান্ধবীদের নিয়ে বলেছেন, ‘স্ত্রী আর বান্ধবীদের কারণেই আমাদের খেলায় মনোযোগ ছিন্ন হয়েছে কি না? এটাও ফালতু কথা, একেবারে জঞ্জাল।’ বরং নিজের ঝলমলে ক্যারিয়ারে স্ত্রীর বিশাল অবদানই দেখেন ক্লার্ক, ‘আমার সুন্দরী স্ত্রী যদি না থাকত, আমি টেস্ট সেঞ্চুরিগুলোর ১০টাই পেতাম না। ওর সাহায্য এবং আমার পরিবারের সাহায্য ছাড়া আমি খেলোয়াড় হিসেবে এর অর্ধেকও হতে পারতাম না। আমি নিশ্চিত সব খেলোয়াড়ই তাদের স্ত্রী, সঙ্গী ও সন্তানদের সম্পর্কে এই কথাই বলবে। আমাদের স্ত্রী কিংবা সঙ্গী তো আর মাঠে নেমে ব্যাট করে না। ওটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব।’
হাডিনকে বাদ দেওয়ায় দল অস্থিতিশীল হয়ে পড়েছে, এমনটাও মানেন না ক্লার্ক। দীর্ঘদিনের সতীর্থ বলে হাডিনের বাদ পড়াটা ক্লার্কের জন্যও খুব বেদনাদায়ক। তবে তাঁর দাবি, হাডিন পুরো প্রক্রিয়ার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এবং দলে সুযোগ পাওয়া পিটার নেভিলকে সাহায্যও করেছেন। এএফপি, রয়টার্স, গার্ডিয়ান।