বিদায় মাহেলা, বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের শেষ ইনিংসটি খেলে বিদায় নিচ্ছেন মাহেলা জয়াবর্ধনে ছবি: এএফপি
জীবনের শেষ ইনিংসটি খেলে বিদায় নিচ্ছেন মাহেলা জয়াবর্ধনে ছবি: এএফপি

সমাপ্তি ঘটল বিশাল এক অধ্যায়ের। চিরনশ্বর এই পৃথিবীর চিরাচরিত নিয়মেই আজ অতীত হয়ে গেলেন মাহেলা জয়াবর্ধনে। খেলে ফেললেন তাঁর জীবনের শেষ টেস্ট ইনিংসটি।
৫৪ রানে শেষ হয়েছে তাঁর শেষ টেস্ট ইনিংস। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উপস্থিত হাজার তিনেক দর্শকের প্রত্যাশা অবশ্য আরও বড়ই ছিল বলা চলে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান তাঁর শেষ টেস্টটিকে করে নেবেন একান্ত আপন—এমন প্রত্যাশায় আজ সকালে যাঁরা মাঠে এসেছিলেন, তাঁদের যথেষ্ট হতাশ করেই জয়াবর্ধনে বিদায় নেন পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমলের বলে।
জীবনের শেষ টেস্ট ইনিংসে দারুণ কিছু করার মঞ্চ কিন্তু প্রস্তুতই ছিল জয়াবর্ধনের। ৪৯ রানে দিন শুরু করেই খুব তাড়াতাড়িই পৌঁছে গিয়েছিলেন তাঁর ৫০তম টেস্ট অর্ধশতকের ঘরে। দিনের প্রথম আধ ঘণ্টায় ক্ষেত্র গড়ছিলেন বড় কিছুরই। কিন্তু আজমলের বলে ক্ষণিকের ভুলেই সব শেষ। মিড উইকেটে আহমেদ শেহজাদের নিচু ক্যাচটি এসএসসির দর্শকদের বিহ্বল করে দিলেও, পরক্ষণেই তাঁরা নিজেদের সামলে জয়াবর্ধনেকে দিয়েছেন বিদায়-সংবর্ধনা। ১৬ বছরের আকাশছোঁয়া অর্জনের ক্যারিয়ারের শেষ বেলায় এসে সেই সংবর্ধনা যেন অনেকটাই আবেগাক্রান্ত করে তুলেছিল এই গ্রেট ক্রিকেটারকে।
পাকিস্তানি ক্রিকেটাররাও বাদ থাকলেন না জয়াবর্ধনের বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করতে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁরাও শামিল হলেন এই মহান ক্রিকেটারের বিদায়-সংবর্ধনায়। খুব ধীরে করতালির মাধ্যমে বিদায় জানালের চিরদিনের এই গ্রেট প্রতিপক্ষকে। দর্শকদের মধ্যেও যেন এক বুক হাহাকার। আর কখনোই যে ক্রিকেটের মাঠে দেখা যাবে না প্রিয় মাহেলাকে!
বিদায় মাহেলা, বিদায়!