বিদায় সাঙ্গা-জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার বিদায় তো রূপকথার মতো হয় না। বিদায়বেলায় প্রশংসা, সম্মান, স্তুতি তবু কম পাচ্ছেন না দুই বন্ধু। আন্তর্জাতিক ক্রিকেটেই কাল ছিল জয়াবর্ধনের শেষ পদচারণ, রঙিন পোশাকে শেষ সাঙ্গাকারার l এএফপি
সবার বিদায় তো রূপকথার মতো হয় না। বিদায়বেলায় প্রশংসা, সম্মান, স্তুতি তবু কম পাচ্ছেন না দুই বন্ধু। আন্তর্জাতিক ক্রিকেটেই কাল ছিল জয়াবর্ধনের শেষ পদচারণ, রঙিন পোশাকে শেষ সাঙ্গাকারার l এএফপি

গল্পটা শেষ হতে পারত আরও দিন দশেক পরে, ২৯ মার্চ মেলবোর্নে। তাঁদের দুজনের প্রত্যাশাও তেমনই ছিল। একই চাওয়া ছিল ২ কোটি শ্রীলঙ্কানেরও।
হলো না। দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়া জয়ে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের গল্পটা শেষ হয়ে গেল গতকালই, সিডনিতে। ব্যাট হাতে দুই শিল্পী, শ্রীলঙ্কান ক্রিকেটের দুই মহিরুহ, বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি। রঙিন পোশাকে বিশ্বকাপেই শেষবারের মতো খেলবেন—এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন দুজন। জয়াবর্ধনে তো ইতিমধ্যে তুলে রেখেছেন সাদা জার্সিটাও। সাঙ্গাকারা অবশ্য টেস্ট খেলবেন আরও কিছুদিন। কিন্তু দুজনের সেই চেনা জুটি, যেটি এই গল্পকে আরও মাহাত্ম্য দিয়েছে, সেটি মাঠে আর দেখা যাবে না।
এটা সত্যি, শেষটা ঠিক দুজনের নামের সঙ্গে মানানসই হলো না। দেশের হয়ে শেষ ওয়ানডে ম্যাচে সাঙ্গাকারা করেছেন ৯৬ বলে ৪৫, জয়াবর্ধনে ১৬ বলে ৪। যদিও ইতিহাস গড়া চার সেঞ্চুরি নিয়ে এ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সাঙ্গাকারার, কিন্তু দল হারায় বিদায়বেলায় কিছুটা বিষাদ ছুঁয়ে গেল তাঁকেও, ‘যা হয়েছে সেটা তো মেনে নিতেই হবে। ব্যক্তিগতভাবে আমি আনন্দিত দেশের হয়ে এত দিন খেলতে পেরে। নিজেকে উজাড় করে দিতে পেরে। হতাশাও খেলারই অংশ। এটা মেনেই পথ চলতে হয়। আমি জানি মাহেলাও হতাশ। কিন্তু একই সঙ্গে ক্যারিয়ার শেষ করার স্বস্তিও তো আছে।’ হতাশা লুকিয়ে সেই স্বস্তির কথাই বেশি করে বললেন বন্ধু জয়াবর্ধনেও, ‘কাল সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠব। হয়তো খেলাটাকে মিস করব, কিন্তু এটাই বাস্তব, আগে-পরে এটা আপনাকে মেনে নিতেই হবে।’
১৯৯৮ সালের জানুয়ারিতে ওয়ানডে অভিষেক হয়েছিল জয়াবর্ধনের। সাঙ্গাকারার অভিষেক তাঁর বছর দুয়েক পরে। এর পর দেড় দশকের মতো পেরিয়েছে, সেই জয়াবর্ধনে আর সাঙ্গাকারাই ধীরে ধীরে হয়ে উঠেছেন শ্রীলঙ্কান ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুই স্তম্ভ। একটা সময় তো দুই গ্রেট যেন নিজেদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতায় মেতেছিলেন, কে কাকে ছাড়িয়ে যাবেন! শেষ পর্যন্ত পরিসংখ্যানে সাঙ্গাকারাই এগিয়ে। ৪০৪ ওয়ানডেতে ৪১.৯৮ গড়ে ১৪২৩৪ রান সাঙ্গাকারার। ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি রান আছে শুধু শচীন টেন্ডুলকারের (১৮৪২৬)। ১২৬৫০ রান নিয়ে তালিকায় জয়াবর্ধনের নামটা ৫ নম্বরে। শ্রীলঙ্কানদের মধ্যে সাঙ্গা আর জয়ার মাঝে আছেন শুধু সনাৎ জয়াসুরিয়া (১৩৪৩০)। আর শুধু রান কেন, জুটি গড়ে দুই বন্ধু কতবার যে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের বোলিং, কত স্মরণীয় ম্যাচ জিতিয়েছেন, সেগুলোও ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে থাকবে অনেক দিন। মুগ্ধতা ছড়িয়েছেন সতীর্থদের মাঝে, সম্মান কুড়িয়েছেন প্রতিপক্ষের। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ থাকলেও সতীর্থ আর প্রতিপক্ষের এই মুগ্ধতা আর সম্মানই বড় প্রাপ্তি বলে মনে করেন সাঙ্গাকারা, ‘কেউ যদি বলে আমার সঙ্গে খেলে তারা আনন্দ পেয়েছে, আমার বিপক্ষে খেলতে তাদের ভালো লেগেছে আমি তাতেই খুশি।’ এএফপি।