বিদায় সোনালি ২০১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় সোনালি ২০১৫
বিদায় সোনালি ২০১৫

এখনই বিদায় বলে দেওয়াটা একটু বাড়াবাড়িই বটে। বছর শেষ হতে যে এখনো বাকি দেড় মাস। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সূচিতে বছরের বাকি সময়টা আপাতত ফাঁকাই। তাই গতকাল জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিই ছিল আন্তর্জাতিক অঙ্গনে এ বছরের সর্বশেষ ম্যাচ। হার দিয়ে শেষ হলেও বছরটি শেষ পর্যন্ত স্মরণীয়ই থাকবে বাংলাদেশ দলের জন্য।

২০১৫ বছরটিকে বাংলাদেশ মনে রাখবে অনেক দিন। এ রকম সোনালি সময় যে আর কখনো পার করেনি ক্রিকেট দল। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা দেওয়ার মধ্য দিয়ে শুরু। এরপর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টানা তিনটি সিরিজে জয়, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাতে উঠে আসা, টেস্ট র‍্যাঙ্কিংয়েও নিজেদের সর্বোচ্চ চূড়ায় ওঠা, চ্যাম্পিয়নস ট্রফির টিকিট কাটা—বাংলাদেশের অর্জনের খাতাটা বেশ ভারি। ক্যালেন্ডারের হিসেবে বছরটি এখনো শেষ হয়নি, আগামী মাসে আরেকটি সংক্ষিপ্ত সিরিজ আয়োজনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নতুন কোনো সিরিজ হোক বা না হোক, তার ফলের অপেক্ষা না করেই বলা যাচ্ছে, সব দিক থেকেই বছরটি বাংলাদেশের জন্য অনন্য হয়েই থাকবে।

এ বছরে বাংলাদেশ মোট ১৯টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে ১৩টি ম্যাচেই বিজয়ী হিসেবে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। হার ৫টিতে, আর বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচটি পুরোপুরি ভেসে গেছে বৃষ্টির তোড়ে। অর্থাৎ ওয়ানডেতে এবছর বাংলাদেশের সফলতার হার ৭২.২২ ভাগ, ওয়ানডেতে এ বছরের দ্বিতীয় সফল দল। সফলতার হারে এটিই বাংলাদেশের সেরা সময়। এর আগে ২০০৯ সালেই সবচেয়ে সফল সময় পার করেছিল বাংলাদেশ। সেবার ১৯টি ওয়ানডেতে ১৪টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। তবে সেবার বাংলাদেশের অধিকাংশ জয়ই ছিল জিম্বাবুয়ে এবং খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু এ বছর বাংলাদেশের শিকারের তালিকায় ছিল ক্রিকেটের বড় বড় অনেক পরাশক্তিই।

টেস্টেও সময়টি খারাপ কাটেনি বাংলাদেশের। ৫টি ম্যাচ খেলে কেবল ১টিতেই হার, বাকি চারটিতে ড্র। টি-টোয়েন্টিতেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। গতকালকের ম্যাচটিতে হেরে যাওয়ায় পরিসংখ্যানটি এখন একটু খারাপ দেখাচ্ছে বটে। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশের অতীত রেকর্ড বিবেচনা করলে ৫ ম্যাচে ২টি জয়, তার মধ্যে একটি আবার পাকিস্তানের মতো দলের বিপক্ষে - একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।

ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশ পার করে দিয়েছে প্রায় তিন দশক। এই বিশাল সময়ের অধিকাংশ মুহূর্তই কাটাতে হয়েছে হতাশা নিয়ে। মাঝে মধ্যেই বিশ্ব বাঘের গর্জন শুনেছে বটে, তবে এতটাই বিরতি দিয়ে যে সেগুলো সেভাবে আর আঁচড় কাটতো না মানুষের মনে। কিন্তু ২০১৫ সালটা এদিক দিয়ে পুরোপুরি ভিন্ন। ইংল্যান্ডকে হারিয়ে যে ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ দল, তার পূর্ণতা এসেছে টানা চার সিরিজ জয় দিয়ে।

তবে এ কেবল শুরু মাত্র, ক্রিকেট মানচিত্রে স্থায়ী ভাবে দাগ ফেলার সূচনা বলা যায় একে। ভবিষ্যতে এর চেয়েও সফল মুহূর্ত নিশ্চয় আসবে বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু পরাশক্তিতে রূপান্তরিত হওয়ার পথে এ বছরটি সব সময়ই আলাদা হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

এ যে পালাবদলের বছর। এ যে বিশ্বাস এনে দেওয়ার বছর—বাংলাদেশ জিততে জানে।