বিদায়ঘণ্টা বাজল শ্রীলঙ্কা কোচের

কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর শ্রীলঙ্কান ক্রিকেটে চলছে পুনর্গঠনের প্রক্রিয়া। কঠিন সেই প্রক্রিয়া সামনে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব পড়েছিল দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ডের কাঁধে। কিন্তু লঙ্কান দলের দায়িত্ব দ্বিতীয়বারের মতো নিয়ে সেই দায়িত্বটা বড্ড কঠিনই মনে হলো তাঁর কাছে। টানা ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সরেই যেতে হলো তাঁকে।
শ্রীলঙ্কা ক্রিকেটের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ই শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফোর্ড। ৫৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ সরে দাঁড়ালেন তাঁর ৪৫ মাসের চুক্তির মাঝামাঝি সময়েই। এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এক মেয়াদে শ্রীলঙ্কান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে খুব অসফল ছিলেন না ফোর্ড। দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখিয়েছিল তাঁর নতুন চেহারা দল। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও জয় পায় লঙ্কানরা। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জেতে তারা।
বাংলাদেশের বিপক্ষে গত মার্চ-এপ্রিলের সিরিজে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ধরনের সিরিজই থাকে অমীমাংসিত। সমালোচনাটা অন্য মাত্রা পায় তখন থেকেই। শ্রীলঙ্কান ক্রিকেট দল ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় কলম্বো টেস্টে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর। সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারালেও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালে না উঠতে পারার পর নড়বড়ে হয়ে যায় ফোর্ডের আসন। সূত্র: এএফপি