ম্যাচের আগে অনেক নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি খেলোয়াড় নিয়ে সৃষ্ট অচলাবস্থার মুহূর্ত।  ছবি: শামসুল হক।
বিদেশি খেলোয়াড় নিয়ে সৃষ্ট অচলাবস্থার মুহূর্ত। ছবি: শামসুল হক।

নাটকের পর নাটক! ব্যাট-বলের লড়াই নয়, চিটাগং ভাইকিংস-সিলেট সুপারস্টারস ম্যাচের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঞ্চস্থ হলো অন্য নাটক। তৃতীয় ম্যাচেই বিপিএল হাজির পুরোনো রূপে!
খেলোয়াড় তালিকা নিয়ে চিটাগং অধিনায়ক তামিম ইকবাল মাঠে চলে এসেছিলেন। ছিলেন ম্যাচ রেফারি রকিবুল হাসানও। কিন্তু খবর নেই সিলেট অধিনায়ক মুশফিকুর রহিমের। নির্ধারিত সময়ের ২৬ মিনিট পর টস করতে এলেন মুশফিক। টসে জিতে ফিল্ডিং নিয়ে মাঠেও নেমে গেল তাঁর দল। কিন্তু চিটাগং ভাইকিংসের ওপেনাররা যে উইকেটে গিয়েও ফিরে এলেন!
ঘটনার শুরু আসলে টসের আগেই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনাপত্তিপত্র না থাকলেও দুই ব্রিটিশ খেলোয়াড় রবি বোপারা ও জশুয়া কবকে মাঠে নামিয়ে দিয়েছিল সিলেট সুপার স্টারস। কিন্তু বিপিএলের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বোর্ডের অনাপত্তিপত্র ছাড়া বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম নেই। সিলেটের ইচ্ছা তাই পূরণ হচ্ছিল না। তবে অনাপত্তিপত্রের জন্য তারা ইংল্যান্ডে যোগাযোগ চালাচ্ছিলেন বলে টস করতে উইকেটে গিয়েও তামিম আর ম্যাচ রেফারি রকিবুল হাসানের ওই ২৬ মিনিট অপেক্ষা।
এরপরও টসের আগে অনাপত্তিপত্র হাজির করতে পারেনি সিলেট। ব্রিটিশ খেলোয়াড়দের বাদ রেখেই ১৬ জনের খেলোয়াড় তালিকা দেয় তারা। সেখানে বিদেশি ছিল কেবল দুই শ্রীলঙ্কান দিলশান মুনাবীরা ও অজন্তা মেন্ডিস। নিয়ম অনুযায়ী এটাও করতে পারে না সিলেট। একাদশে চারজন বিদেশি খেলোয়াড় রাখতেই হবে। কিন্তু বিপিএলের টেকনিক্যাল কমিটি ‘বিশেষ বিবেচনায়’ দুজন বিদেশি নিয়েই খেলার অনুমতি দেয় সিলেট সুপার স্টারসকে।
সুনির্দিষ্ট নিয়ম থাকার পরেও এ রকম ‘বিশেষ বিবেচনা’ যেমন বিস্ময়কর, তারচেয়েও বিস্ময়কর হয়ে দাঁড়াল সিলেট সুপারস্টারসের মাঠে নামা দলটা। সেখানে মুনাবীরা-মেন্ডিসের সঙ্গে নামিয়ে দেওয়া হল বোপারা আর কবকেও! টসের আগে দেওয়া তালিকার বাইরে দুই বিদেশি খেলোয়াড়কে দেখে উইকেট থেকেই উঠে গেল চিটাগং ভাইকিংস। কিন্তু সিলেট সুপার স্টারস কর্মকর্তাদের দাবি, ততক্ষণে তারা হাতে পেয়ে গেছেন ইংল্যান্ডের খেলোয়াড়দের অনাপত্তিপত্র। কাজেই তাদের খেলতে দিতে হবে। তবে এর চেয়ে চিটাগংয়ের দাবিটাই যৌক্তিক ছিল বেশি। কারণ, টসের আগে দেওয়া খেলোয়াড় তালিকাই চূড়ান্ত তালিকা হিসেবে বিবেচিত হয় ক্রিকেটে। টসের পর খেলোয়াড় বদলানোর সুযোগ নেই।
এই নিয়েই দুই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আর বিপিএলের টেকনিক্যাল কমিটির মধ্যে হয়ে গেল প্রায় সোয়া এক ঘণ্টার উত্তেজনাপূর্ণ নাটক। শেষ খণ্ডে যা মোড় নিয়েছিল অন্য দিকে। টেকনিক্যাল কমিটির অনুরোধে ইংল্যান্ডের খেলোয়াড়দের ছাড়াই সিলেট মাঠে নামতে রাজি হলেও বেঁকে বসল চিটাগং। সেটার কারণও ছিল প্রকাশ্য। সোয়া এক ঘণ্টার নাটকের শেষ দিকে সিলেটের ফ্র্যাঞ্চাইজি মালিক আজিজুল ইসলাম কিছু একটা বলতে গিয়েছিলেন তামিমকে। প্রতিক্রিয়ায় মাঠে দাঁড়িয়ে সবার সামনেই চিৎকার করে তাঁকে থামিয়ে দেন তামিম। রেগে-মেগে প্যাড খুলে দল নিয়ে ঢুকে যান ড্রেসিংরুমে। পরে চিটাগং ভাইকিংসের উপদেষ্টা আকরাম খানের সঙ্গেও কথাকাটাকাটি হয় আজিজুল ইসলামের। পরে জানা গেছে, সিলেট সুপার স্টারসের মালিক তামিমের আচার-আচরণ নিয়ে আপত্তিকর কথা বলাতেই অমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন চিটাগং ভাইকিংস অধিনায়ক।
নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর শুরু হয়ে অবশ্য ২০ ওভারের ম্যাচই হচ্ছে মিরপুরে।