বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশ-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘স্বপ্ন নয় তো!’
ভোরবেলা ঘুম ভেঙে উঠে টিভি পর্দায় চোখ রাখা দর্শক হয়তো এমনটাই ভাবছিলেন। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সৌজন্যে কাল বেসিন রিজার্ভে যে দুর্দান্ত একটি দিন কাটাল বাংলাদেশ, ১৬ পেরিয়ে যাওয়া টেস্ট-জীবনে এমন দিন খুব কমই এসেছে। দেশের ক্রিকেটামোদীরা তাতে তৃপ্ত, মুগ্ধ বিদেশি সংবাদমাধ্যমও।
চতুর্থ ওভারেই আউট আগের দিনে আশা জাগিয়ে রাখা মুমিনুল হক। অনেক সময় এমন আউটই হয় বাংলাদেশের ভেঙে পড়ার শুরু, কাল সাকিব-মুশফিক সেটিকে বানিয়ে নিলেন ওপরে ওঠার শক্তি। স্কাই স্পোর্টস প্রশংসা করেছে এটিরই, ‘দিনের চতুর্থ ওভারে টিম সাউদি যখন আগের দিনের ৬৪ রানেই মুমিনুল হককে ফেরান, মনে হচ্ছিল নিউজিল্যান্ডই চেপে বসবে। কিন্তু সাকিব ও মুশফিকের প্রতিক্রিয়াটা হলো দুর্দান্ত! সামলে নিলেন কিউইদের, বিশেষ করে নিল ওয়াগনারের শর্ট পিচ বোলিং। সেটিই এগিয়ে নিল বাংলাদেশকে।’
সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের দেড় শ পেরোনো ইনিংস—পঞ্চম উইকেটে ৩৫৯ রানের রেকর্ড জুটি। তাতে দ্বিতীয় দিনেও দাপট বাংলাদেশের। স্টাফ নিউজিল্যান্ডও তুলে ধরেছে সেটি, ‘অতলান্ত এক গর্তে পড়েছে নিউজিল্যান্ড। সেটি থেকে বেরোতে হলে এখন একটি কাজই করতে হবে তাদের—ব্যাটিং, তারপর আরও ব্যাটিং, আরও ব্যাটিং। তা না হলে ব্ল্যাক ক্যাপদের জন্য বড় এক লজ্জাই অপেক্ষা করছে।’ ২৮ মাস পর বিদেশে প্রথম টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের পারফরম্যান্সে পত্রিকাটি বিস্মিত, ‘পোড়-খাওয়া দুই যোদ্ধা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের ভুলে ভরা বোলিং নিয়ে রীতিমতো খেলেছেন, আর মনের আনন্দে রেকর্ড ভেঙেছেন!’
সাকিব ছিলেন আক্রমণাত্মক, তবে মুশফিক শুরুতে শর্ট বলে একটু ভুগেছেন। তাতেও হার না-মানা মানসিকতায় ‘টিম বাংলাদেশ’কে দেখছে ক্রিকইনফো, ‘ইনিংসের শুরুর দিকে বাউন্সারের বন্যা কীভাবেই না সামলালেন মুশফিক! ঠেকানোর সময় বল এসে লেগেছে তাঁর আঙুলে, তবু হার মানেননি। শক্ত অবস্থান থেকে বাংলাদেশ আরেকবার ধসে পড়লে যে ব্যথা সইতে হবে, সেটি যে এই শারীরিক ব্যথার তুলনায় কিছুই নয়!’
চোট থেকে ফিরে এমন ব্যাটিং মুশফিকের ইনিংসকে আরও গৌরবান্বিত করেছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরা মুশফিক নিজের সাহসে ভর করে টিকে রইলেন। পরিষ্কার বোঝা যাচ্ছিল, নিজেদের সীমানার বাইরেও তাঁর দল যে ভালো খেলতে পারে, সেটি দেখিয়ে দেওয়ার প্রতিজ্ঞাই বাংলাদেশ অধিনায়ককে তাতিয়ে রেখেছে।’ লেটার মার্কস পাচ্ছেন বাংলাদেশের ডাবল সেঞ্চুরিয়ানও, ‘সাকিব স্বচ্ছন্দই ছিলেন, শুরু থেকেই বাউন্সারগুলো ঠিকঠাক বুঝতে পারছিলেন। তবে শর্ট বলগুলো যখন খুব বেশি বাউন্স আর পাচ্ছিল না, সাকিব সেগুলোকেই বেছে নিলেন মারের জন্য। কোনো দ্বিধা ছাড়াই একের পর এক পুল-কাট করে গেলেন।’
নিউজিল্যান্ড হেরাল্ড বাংলাদেশের লড়াইয়ে দেখছে কিছু জবাব দেওয়ার প্রতিজ্ঞা, ‘মূল কথাটা পরিষ্কার—এই দলটার মধ্যে একটা তীব্র তাড়না আছে, নিজেরা যে আরও ভালো খেলতে পারে সেটি প্রমাণের, প্রতিদিনই যে শিখছে সেটি দেখানোর। জিতলে সেটি দুর্দান্ত অর্জন হবে। এখনো তিন দিন বাকি আছে, তবে এই মুহূর্তে অনুভূতিটা এমন—এই টেস্টে জেতার মতো এখন একটি দলই আছে। সেটি নিউজিল্যান্ড নয়।’