বিদেশিরাই বড় শক্তি কুমিল্লার

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ছয় ফ্র্যাঞ্চাইজি দলের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোন দলের শক্তি কেমন, তা নিয়েই এই ধারাবাহিক প্রতিবেদন। আজ তৃতীয় পর্বে পড়ুন কুমিল্লা ভিক্টোরিয়ানসের শক্তি ও দুর্বলতা সম্পর্কে—

কুমিল্লা দলছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাফ ডু প্লেসি

এবারের বিপিএলে যেকোনো দল তাদের একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। সেই তিনজন যদি হন ফাফ ডু প্লেসি, সুনীল নারাইন ও মঈন আলী—তাহলে তো কথাই নেই! বিপিএল ড্রাফটের আগে এই তিন বিদেশিকে দলে নিয়ে তাক লাগিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সঙ্গে মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মুমিনুল হকের মতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দলটিকে বেশ ভারসাম্য এনে দিয়েছেন। তবে বিপিএলে দুইবারের চ্যাম্পিয়ন দলটির মূল শক্তি যে ওই তিন বিদেশি, সেটি বলাই যায়।

ডু প্লেসি ও মঈন—দুজনই খেলেছেন সর্বশেষ আইপিএলের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসে। ওই আইপিএলের ফাইনালে ৮৯ রানের ঝলমলে ইনিংসসহ ১৬ ইনিংসে ৬৩৩ রান করেছেন ডু প্লেসি। চেন্নাই যেমন ডু প্লেসিকে কেন্দ্র করে গড়েছিল তাদের টপ অর্ডার, কুমিল্লাও সে চেষ্টা করবে। সে ক্ষেত্রে ডু প্লেসির সঙ্গে লিটন, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান ও ইমরুল কায়েসকে ঘুরিয়ে–ফিরিয়ে খেলানো হতে পারে। মুমিনুল ও মঈনরা মিডল অর্ডার সামলে নেবেন। মঈনকে পিঞ্চ হিটার হিসেবেও খেলাতে পারে কুমিল্লা। দ্রুত রানের দরকার হলে যেকোনো জায়গায়ই নামানো হতে পারে এই বাঁহাতিকে।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী
ছবি: ক্রিকেট ইংল্যান্ড

এই দায়িত্ব পালন করেই সর্বশেষ আইপিএলে মঈনের ব্যাট থেকেও এসেছে ৩৫৭ রান। মাঝের দিকের ওভারগুলোতে স্পিনারদের বিপক্ষে মঈনের বিধ্বংসী ব্যাটিং কাজে লাগিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে এই ইংলিশ অলরাউন্ডারের কার্যকরী অফ স্পিন তো আছেই। প্রতিপক্ষ খেলোয়াড়দের বিপক্ষে পরিসংখ্যানগত সমীকরণ পক্ষে থাকলে মঈনও হতে পারেন প্রতি ম্যাচে ৪ ওভারের বোলার। বাংলাদেশের কন্ডিশনও এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের পক্ষে থাকবে।

তবে নারাইন ও মোস্তাফিজ হবেন কুমিল্লার বোলিংয়ের মূল স্তম্ভ। ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের নারাইন সর্বশেষ আইপিএলে দেখিয়েছেন তাঁর দক্ষতা। বাংলাদেশের কন্ডিশনে মঈন ও নারাইনের ৮ ওভার নিয়ে প্রতিপক্ষ দলগুলো ভাবতে বাধ্য। সঙ্গে মোস্তাফিজের আরও ৪ ওভার জুড়ে দিন, দেখবেন কন্ডিশন বিবেচনায় বিপিএলের সেরা বোলিং আক্রমণ হবে এটিই।

সুনীল নারাইন
ছবি: আইপিএল

মোস্তাফিজকে বাদ দিলে পেস বোলিং শক্তিতে অবশ্য অনেকটাই পিছিয়ে কুমিল্লা। জাতীয় দলে বেশ কয়েকবার ডাক পাওয়া শহীদুল ইসলাম খেলবেন মোস্তাফিজের সঙ্গী হিসেবে। আঁটসাঁট লাইন-লেংথের জন্য পরিচিত এই মিডিয়াম পেসার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার। টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচ খেলে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। সুমন খান, আবু হায়দারও আছেন কুমিল্লা দলে।

দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য বিদেশিদের পাশাপাশি স্থানীয়দের নিয়েও অনেক প্রত্যাশার কথাও বলেছেন, ‘স্থানীয় ক্রিকেটাররাই বড় ভূমিকা পালন করবে। কারণ, দলে ৮ জনই দেশি। তারা পারফর্ম না করলে বিদেশিরা ম্যাচ জেতাতে পারবে না। যেহেতু স্থানীয়রা বেশি সুযোগ পাবে, তাদের পারফর্ম করা খুব বেশি জরুরি। বিদেশি খেলোয়াড়দের কাছে তো প্রত্যাশা আছেই। তবে স্থানীয়রা পারফর্ম না করলে দল ভুগবে।’

কুমিল্লা ভিক্টোরিয়ানস

মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, সুনীল নারাইন, মঈন আলী, লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন টমাস, মাহমুদুল হাসান, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান।