বিদেশে অধরা কেবল নিউজিল্যান্ডই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে এখনো জেতেনি বাংলাদেশ। ফাইল ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে এখনো জেতেনি বাংলাদেশ। ফাইল ছবি

এই মে মাসেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে জয়টি ছিল বিদেশের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এরপর গত ১৮ বছরে টেস্ট খেলা প্রায় সব দেশের বিপক্ষেই বিদেশে জিতেছে বাংলাদেশ। কেবল জেতেনি নিউজিল্যান্ডের বিপক্ষে। বিদেশের মাটিতে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ২৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। একটিতেও ওপাশের দলটি কিউইরা ছিল না!

’৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জেতার পর বিদেশে পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় পাঁচ বছর—২০০৪ সালের ১০ মার্চ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা আসে ৮ রানে। সেই জিম্বাবুয়ে অবশ্য ‘দুর্বল’ জিম্বাবুয়ে নয়। হিথ স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ার, স্টুয়ার্ট কার্লাইলদের শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষেই।
এরপর একে একে অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা—সব দেশের বিপক্ষেই দেশের বাইরে জয় পেয়েছে বাংলাদেশ। হয় নিরপেক্ষ ভেন্যু, নয়তো প্রতিপক্ষের মাঠে। কেবল ওই একটাই শূন্যতা থেকে গেছে এখনো।
ভারতের বিপক্ষে বিদেশে প্রথম জয়টা খুব বড় উপলক্ষ হয়ে এসেছিল। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেন বাংলাদেশের কাছে হার পরে বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকাকেও বাংলাদেশ প্রথম হারিয়েছিল, গায়ানায়। ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ সালে বাংলাদেশের কাছে প্রথম হারে তাদের মাঠেই। ইংল্যান্ডও ২০১০ সালে তাদের মাটিতেই বাংলাদেশের কাছে প্রথম হেরেছিল। শ্রীলঙ্কা প্রথম হারে ২০১৩ সালে, পাল্লেকেলেতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো পর্যন্ত একমাত্র জয়টা বিদেশেই, ২০০৫ সালে ওয়েলসের কার্ডিফে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রথম জয়টা আসে ২০০৮ সালে, ঢাকাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২০১০ সালে বাংলাদেশের মাটিতেই ৪-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল কিউইরা। ২০১৩ সালে পরের সফরেও ৩-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। কিন্তু এখনো তাদের নিজ দেশের বাইরে হারাতে পারেনি বাংলাদেশ।
বিদেশের মাটিতে সবচেয়ে বেশি বাংলাদেশ জয় পেয়েছে স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে—১৪টি। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৩ বার, সেটিও দুর্বল ওয়েস্ট ইন্ডিজ ছিল। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ বাদে বিদেশের মাটিতে একাধিক জয় ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে (দুবার করে)।
এ বছরের শুরুতেই বাংলাদেশ সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে জয়ের। কিন্তু সে সুযোগ কাজে লাগানো যায়নি। আজ ডাবলিনে বাংলাদেশ কী পারবে এই অপূর্ণতাকে অতিক্রম করতে?