কোহলির দেশপ্রেম নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালিতে বিয়ের পর সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় যান কোহলি-আনুশকা। ছবি: এনডিটিভি
ইতালিতে বিয়ের পর সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় যান কোহলি-আনুশকা। ছবি: এনডিটিভি

ইতালিতে আনুশকা শর্মার সঙ্গে জমিয়ে জীবনের ইনিংস শুরু করেছেন বিরাট কোহলি। এদিকে ভারতে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারদলীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ পান্নালাল শাক্য। মধ্যপ্রদেশের গুনায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভগবান রাম ভারতে বিয়ে করেছেন, তাহলে বিরাট-আনুশকা ইতালিতে বিয়ে করল কেন? এটা রাষ্ট্রভক্তি নয়।’

‘স্কিল ইন্ডিয়া সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কোহলির ওপর ক্ষোভ ঝাড়েন পান্নালাল শাক্য, ‘কোহলি ভারতে টাকা আয় করে। অথচ বিয়ের জন্য সে এখানে কোনো জায়গা খুঁজে পেল না! ভারত কী অস্পৃশ্য? ভগবান রাম, কৃষ্ণ, বিক্রমাদিত্য, যুধিষ্ঠিররা এই মাটিতে বিয়ে করেছেন। আপনারাও সবাই নিশ্চয়ই এখানেই বিয়ে করেছেন। বিয়ের জন্য আমরা কেউই বিদেশ যাইনি...কোহলি এখানে টাকা আয় করে ইতালিতে গিয়ে খরচ করলেন...দেশের প্রতি তার কোনো সম্মান নেই। এতেই প্রমাণ হয় সে দেশপ্রেমিক নয়।’
তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে পান্নালাল উল্টো সমালোচিত হচ্ছেন। সেটা করছেন স্বয়ং তাঁর দলের নেতারাই। যেমন ধরুন বিজেপি নেতা এস প্রকাশ বলেছেন, কোহলির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা শাক্যর কাজ নয়। তাঁকে এস প্রকাশের পরামর্শ, ‘যিনি এ মন্তব্য করেছেন, তাঁর নিজের কাজে মনোযোগী হওয়া উচিত। কোহলি কিংবা আনুশকা শর্মার দেশপ্রেম নিয়ে মন্তব্য করা তাঁর কাজের মধ্যে পড়ে না। তাঁরা কোথায় বিয়ে করবে, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত পছন্দ। যিনি এ মন্তব্য করেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার তাঁর নেই। আমি আশা করছি, তিনি নিজেকে শুধরে নেবেন।’ সূত্র: দ্য হিন্দু।