বিদেশের মাটিতে কোহলি আসলেই কতটা ভালো?

জেমস অ্যান্ডারসনের কথাটা আসলে বেশ ভালোই ঝড় তুলেছে। এমনকি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে লুকোননি রবিচন্দ্রন অশ্বিন। বলেছেন, পরাজয় মেনে নিতে না পেরেই এখন ইংল্যান্ড এসব বলছে। বিষয়টি দুই টেস্ট অধিনায়ক পর্যন্ত গড়িয়েছে। অ্যালিস্টার কুক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, অ্যান্ডারসন সেভাবে বলেননি, যতটা বাড়িয়ে দেখানো হচ্ছে। আর যাঁকে নিয়ে মন্তব্য করে এ বিতর্ক, সেই বিরাট কোহলি বলেছেন, অশ্বিনের রাগ দেখানো ঠিকই আছে।
তো কী এমন বলেছিলেন অ্যান্ডারসন? এই সিরিজে এখন পর্যন্ত ৬৪০ রান করা কোহলি সম্পর্কে তাঁর মন্তব্য, ভারত অধিনায়ক উইকেটের সাহায্য পাচ্ছেন। এ কারণেই তাঁর ব্যাটিংয়ের দুর্বলতা আড়াল হয়ে যাচ্ছে। না হলে এই কোহলিই তো ইংল্যান্ডে গিয়ে ধুঁকেছেন। তাঁর ব্যাটিং গড় ছিল ১২-১৪!
কোহলি কি আসলেই ভারতীয় উইকেটের সাহায্যে এত এত রান করছেন? তিনি কি আসলেই বিদেশের মাটিতে দুর্বল। এ নিয়ে বিতর্কটা ক্রিকেট সমর্থকদের মধ্যেও ছড়িয়ে গেছে। এর উত্তর দিতে পারে পরিসংখ্যান। সেখানে দেখা যাচ্ছে, দেশে-বিদেশে প্রায় সমান টেস্ট খেলেছেন কোহলি। দেশে ২৪ টেস্ট খেলে ৫৯.০৫ গড়ে করেছেন ২০০৮ রান। আর বিদেশে ২৮ টেস্ট খেলে ৪৪.৬১ গড়ে করেছেন ২১৮৬ রান। ব্যাটিং গড় ধরলে দেশের মাটিতেই কোহলি বেশি ভালো খেলেন। কিন্তু এই যুক্তিটাই শেষ নয়। দেশে কোহলির ৬টি টেস্ট সেঞ্চুরি, বিদেশের মাটিতেই ৯টি।
এবার দেশ ধরে ধরে হিসাব নিন। ভারতের পর টেস্টে কোহলির সবচেয়ে বেশি সেঞ্চুরি কোন দেশে জানেন? অস্ট্রেলিয়ায়। ভারতে তাঁর সেঞ্চুরি ছয়টি, অস্ট্রেলিয়ায় পাঁচটি। একটি করে সেঞ্চুরি আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে। কোহলির ১৫ সেঞ্চুরির আটটিই এশিয়ার বাইরে।
অস্ট্রেলিয়ায় ৮ টেস্টে ৬২ গড়ে ৯৯২ রান করেছেন। নিউজিল্যান্ডে ২ টেস্টে ৭১.৩৩ গড়ে ২১৪ রান। দক্ষিণ আফ্রিকায় ৩ টেস্টে ৬৮ গড়ে ২৭২ রান। শ্রীলঙ্কায় ৩ টেস্টে ৩৮.৮৩ গড়ে ২৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজে ৭ টেস্টে ৩৬.৩৩ গড়ে ৩২৭ রান। গড়ের দিক দিয়ে শুধু দুটি দেশে তাঁর অবস্থা সুবিধার নয়। বাংলাদেশে তাঁর গড় ১৪, অবশ্য একটাই টেস্ট খেলেছেন। আর ইংল্যান্ডে ৫ টেস্টে তাঁর গড় ১৩.৪০।
শুধু যদি ব্যাটিং গড় ধরা হয়, ভারতের চেয়েও নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় তাঁর গড় বেশি। আগুনগতির পেসের বিরুদ্ধে কোহলি নড়বড়ে—যুক্তিটা মানা যাচ্ছে না। আসলে কোহলি টেস্টে আগে সেরকম ভালো ছিলেন না, যতটা ছিলেন ওয়ানডেতে। ক্যারিয়ারের প্রথম ১৩ টেস্টে তাঁর গড় ছিল ৩৫.৮১। ২৪ ইনিংসের মাত্র দুটি তিন অঙ্ক ছুঁয়েছিল। সেখানে গত ২৩ টেস্ট ধরে অবিশ্বাস্য ধারাবাহিক তিনি। এ সময় ব্যাটিং গড় ৬৪.৯৭।
অ্যান্ডারসনের দাবিটা তাই মেনে নেওয়া কঠিনই।