বিদেশের মাটিতে ভারত আবার 'বিড়াল'ই

প্রসঙ্গটা রবি শাস্ত্রীই তুললেন। বিদেশের মাটিতে ‘শিক্ষা সফর’ আর কত? এবার ছাত্র থেকে শিক্ষক হয়ে ওঠো। ভারতের ক্রিকেটে এ যেন চিরকালের এক অপবাদ—দেশের মাটিতে বাঘ, বিদেশে গেলেই বিড়াল। সেই অপবাদ মুছতে শুরু করেছিল ভারত। কিন্তু বিড়ালটা গায়ে-গতরে ফুলেফেঁপে বাঘের মাসি থেকে বাঘ হওয়ার পথে কিছু দূর এগোতেই আবারও পথ হারাল। বিদেশের মাটিতে টানা সাতটি টেস্ট সিরিজে জয়হীন ভারত, হেরেছে ছয়টিতেই।
বিদেশের মাটিতে কুঁজো হয়ে থাকার ভারতের চেহারাটা আসলেই বদলাচ্ছিল। টেস্টে কি ওয়ানডেতে। টি-টোয়েন্টিতেও।
২০০৪ সালের মার্চ থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত বিদেশের মাটিতে ভারত ১২টি টেস্ট সিরিজের আটটিতেই জিতেছিল। এই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে এসেছিল এক নম্বরে। এই সময়টায় বিদেশের মাটিতে ওয়ানডেতেও দারুণ করছিল ভারত। ২০০৭ সালের মে থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশের মাটিতে ১২টি সিরিজের নয়টিতেই ট্রফি উঠেছে ভারতের হাতে। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার পর যে প্রবল ধাক্কার মুখে পড়েছিল তাদের ক্রিকেট, তা থেকে উদ্ধার পেয়েছে ওই বছরই শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে।
বিদেশের মাটিতে দলের চেহারা বদলে বড় ভূমিকা রেখেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্ব। ২০০২-এর সেই ন্যাটওয়েস্ট সিরিজ, লর্ডসের ব্যালকনিতে সৌরভের আদুল গায়ে বনবন জার্সি ঘোরানো ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা দশ ছবির ফ্রেমে ঢুকে গেছে। টেস্টেও বিদেশের বন্দরে জাহাজ নোঙরের দুঃসাহস ভারতের বুকে পুঁতে দিতে ভূমিকা রেখেছিলেন স্বল্প সময়ের জন্য দলের হাল ধরা অনিল কুম্বলে। তবে ভারতের ডাকাবুকো দল হয়ে ওঠার সবচেয়ে বড় কারিগরদের একজন মহেন্দ্র সিং ধোনি।

ক্যারিয়ারের পড়তি বেলায় সেই ধোনি ভারতকে ধুঁকতে দেখছেন বিদেশের মাটিতে। ২০১১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—টানা দুই সফরে ধবল ধোলাইয়ের শিকার হওয়ার লজ্জা। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সফরে সিরিজ হারের পর গত বছর জুলাইয়ে ইংল্যান্ডে আবারও ৩-১-এ সিরিজ হার। ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর তো ধোনি অধিনায়কত্বই ছেড়ে দিলেন।
ওয়ানডে অধিনায়কত্ব ধরে রেখেছেন বটে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশের কাছেও সিরিজ হার ধোনি-সাম্রাজ্যের অস্তাচলের দিকেই চোখ ফেরাতে বাধ্য করছে। বিদেশের মাটিতে গত নয়টি ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্টে মাত্র তিনবার জিতেছে ভারত। দুবার বাংলাদেশ আর জিম্বাবুয়ের বিপক্ষে, একটিতে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
বাংলাদেশ সদ্যই প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশের বিপক্ষে এখন বিশ্বের কোনো পরাশক্তিও নিরাপদ নয়। তবে বিদেশের মাটিতে ভারতের সামগ্রিক চিত্র পেতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হিসাবের বাইরে রাখা যায়। সে ক্ষেত্রে টেস্ট খেলুড়ে বাকি সাতটি দেশের বিপক্ষে বিদেশের মাটিতে সর্বমোট ২৫৭টি ওয়ানডে খেলে ভারত জিতেছে মাত্র ৮৫টিতে, হেরেছে ১৫২টি। এখানে তবু জয়-পরাজয়ের হার দশমিক ৫৫। কিন্তু টেস্টে অবস্থাটা আরও ভয়াবহ। ২৩০টি ম্যাচের মাত্র ২৯টি জিতেছে ভারত। হেরেছে ১০৩টিতে, ৯৮টি ড্র। জয়-পরাজয়ের হার দশমিক ২৮!
সাধে কি আর বিদেশের মাটিতে ‘বিড়াল’ অপবাদ জুটেছে ভারতের!