বিদ্রূপের জবাব দিলেন মায়ান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই টুইটার পোস্ট। টুইটার থেকে সংগৃহীত।
এই সেই টুইটার পোস্ট। টুইটার থেকে সংগৃহীত।

স্টুয়ার্ট বিনির মতো একজন কীভাবে মায়ান্তি ল্যাঙ্গারকে বিয়ে করলেন, মায়ান্তি কেন এখনো বিচ্ছেদের জন্য আবেদন করছেন না, এই বোলিংয়ের পর তো বিনির মরে যাওয়া উচিত, আত্মহত্যা করা উচিত—এমন সব উত্তেজক কথাবার্তা। অনেকে তো মায়ান্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এই উপস্থাপিকা লোভী, তিনি নাকি টাকার লোভেই স্টুয়ার্ট বিনিকে বিয়ে করেছেন। তবে সবকিছুরই জবাব দিয়ে দিলেন মায়ান্তি, বেশ ঝাঁজের সঙ্গেই।
ঘটনার শুরু গত শনিবার রাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বেধড়ক পিটুনির শিকার হয়েছিলেন স্টুয়ার্ট বিনি। তাঁর প্রথম পাঁচ বলেই পাঁচটি ছক্কা মারেন এভিন লুইস। ৫ বলে ১টি ওয়াইডসহ ৩১ রান দিয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান বিতরণের বিশ্ব রেকর্ড গড়ার সম্ভাবনা জাগিয়েছিলেন বিনি। কিন্তু শেষ বলে মাত্র ১ রান হওয়ায় সে যাত্রা ‘বেঁচে’ যান রজার বিনির ছেলে।
তবু ১ ওভারে ৩২ রান দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিনিকে নিয়ে শুরু হয় বিদ্রূপ। ‘ধোনির চলচ্ছিত্রে বিনিকে নিয়ে আলাদা ১৫ মিনিট থাকবে’, ‘ক্রিকেটের সেরা আবিষ্কার বিনি’—একের পর এক কটাক্ষ (ট্রল) বিনিকে নিয়ে। বিদ্রূপের শিকার হতে হয়েছে তাঁর স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারকেও। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে ম্যাচ পর্যালোচনায় তাঁকে দেখার পর মায়ান্তিকে নিয়েও শুরু হয় একের পর এক ট্রল।

এসব বিদ্রূপাত্মক কথাবার্তার উত্তর দিতে টুইটারকেই বেছে নিয়েছেন মায়ান্তি, একটি ছবিতে খোলা চিঠি লিখে সেটি পোস্ট করেছেন। তাতে মায়ান্তি লিখেছেন—
যাঁরা বিদ্রূপ করছেন,
আমি আশা করি, কেউ কখনো আপনার প্রিয়জনদের মৃত্যু চাইবেন না কিংবা সে ধরনের ইচ্ছে জানিয়ে বীভৎস সব ছবি পাঠাবেন না।
বিদ্রূপ করে হলেও আমাকে আত্মহত্যা করতে বলাটা লজ্জাজনক। যে পরিবারগুলো আত্মহত্যার মতো দুর্ঘটনার শিকার হয়, কষ্ট পায়, তাদের কথা ভাবুন। মজা করতে গিয়ে তাদের দুর্দশাকে আপনারা রসিকতায় পরিণত করেছেন।
আশা করি, আপনারা ভালোবাসা ও আনুগত্য খুঁজে পাবেন। বিবাহবিচ্ছেদের পরামর্শগুলো বলে দিচ্ছে, আপনারা এখনো সেটির খোঁজ পাননি।
আমি ১৮ বছর বয়স থেকে চাকরি করি। আমাকে লোভী বলার আগে নিজে কোনো চাকরি জোগাড় করুন, নিজের ও পরিবারের ভার বহন করার ক্ষমতা অর্জন করুন। আশা করি, আমাদের খোঁচা দিয়ে নিজেদের খুব বড় মনে হচ্ছে আপনার। না হলে আসলে এসব করে লাভ কী?
সবার জন্য শুভকামনা।