অনুশীলনে মগ্ন ধোনি, কোহলি, রায়নারা। কাছেই দাঁড়িয়ে এক দল ভক্ত। অনুশীলন শেষে প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ নিতে ঝাঁপিয়ে পড়লেন সই শিকারিরা। কি বিশ্বকাপে, কি অন্য কোনো টুর্নামেন্টে—দৃশ্যটা হরহামেশাই দেখা যায়। কিন্তু ভক্তদের জন্য এবার দুঃসংবাদই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন থেকে আর কোনো ভক্তকে অটোগ্রাফ দিতে পারবেন না ভারতীয় ক্রিকেটারদের কেউ। সুযোগটা কাজে লাগিয়ে জুয়াড়িরা আরও কাছাকাছি আসতে পারেন ক্রিকেটারদের—এমন শঙ্কাতেই নাকি সতর্কমূলক ব্যবস্থা বিসিসিআইয়ের।
তবে এই বিশ্বকাপ থেকেই সম্ভবত নিয়মটা কার্যকর হচ্ছে না। শুধু আইপিএল, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ও বিসিসিআইয়ের আয়োজনে সব ভারতীয় ম্যাচে এটা থাকবে। অবশ্য দেশের বাইরে ভারতের সব ম্যাচেও নিয়মটা চালুর চেষ্টা করছেন কর্তারা। শখের অটোগ্রাফ নেওয়া থেকে বঞ্চিত হওয়ার আগে চাইলে বিশ্বকাপেই সবার অটোগ্রাফ নিয়ে রাখতে পারেন ভক্তরা! টাইমস অব ইন্ডিয়া।