বিনা অনুশীলনেই খেলতে নামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের নিষ্পত্তি হয়ে গেছে। আজ শুরু চেন্নাই টেস্টটা ধরতে গেলে আনুষ্ঠানিকতাই। তবে এই ম্যাচের আগে অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব নিয়েই যেন সব আলোচনা। ড্র দিয়ে সিরিজ শুরু করে ইংল্যান্ড কিনা চার ম্যাচ শেষে ৩-০ ব্যবধানে পিছিয়ে। ‘ক্যাপ্টেন’ কুকের অধিনায়কত্ব নিয়েই যে টানাটানি!
চোট এই টেস্টে খেলতে দিচ্ছে না পেসার জেমস অ্যান্ডারসনকে। কিন্তু কাল অ্যান্ডারসনের অনুপস্থিতি কিংবা ম্যাচ নিয়ে কথা বলার চেয়ে কুক সামলে গেলেন কেবল সমালোচনা। তাঁকে বলতে হলো সম্ভাব্য উত্তরসূরি জো রুটকে নিয়ে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ঢুকলেন এই আলোচনায়, ভবিষ্যদ্বাণী করলেন অধিনায়কত্বের চাপ ভালোই সামলাতে পারবেন রুট।
টানা তিন ম্যাচ হারের পর তাঁর সমালোচনা হওয়াটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন কুক, ‘অধিনায়ককে তো ফল দিয়েই বিচার করা হয়, তাই নয় কি? ম্যাচ হারলে সমালোচনা সইতে হবেই। সবার জন্যই কথাটা প্রযোজ্য।’
ম্যাচটা ইংল্যান্ড-ভারত দুদল খেলতে নামছে কার্যত বিনা অনুশীলনে। গত সোমবার চেন্নাইয়ে আঘাত হানে সাইক্লোন ভারদা। সেটির প্রভাবেই প্রস্তুতির এই ঘাটতি। কুকের অবশ্য তাতে আপত্তি নেই। ম্যাচ যে শেষ পর্যন্ত হচ্ছে, তাতেই খুশি ইংল্যান্ড অধিনায়ক, ‘এটা আমার ১৪০তম টেস্ট। ম্যাচের আগে নেট করেনি এমনটা আগে কখনোই হয়নি। তবে এটাও মনে রাখা দরকার সাইক্লোন কী করেছে। অনেক প্রাণও তো গেল।’
ভারতের অধিনায়ককে অবশ্য এই ম্যাচের চেয়ে সর্বকালের সেরা দলগুলোর একটি হতে কী করতে হবে, তাই নিয়ে বেশি বলতে হলো। টানা ১৭ টেস্টে অপরাজিত দল, চেন্নাইয়েও হার এড়াতে পারলে নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে ভারত। এএফপি।