বিনয়ী কুকের গুরুপ্রণাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

খুব কি বেশি দিন আগের কথা! স্মৃতিটাকে একটু ধাক্কা দিলেই যে অ্যালিস্টার কুকের মনে পড়ে যায় পুরোনো দিনের কথা। এই তো বলতে গেলে সেদিন একবার-দুবার নয়, বেশ কবারই এসেক্সের খেলা দেখতে গিয়ে লাইনে দাঁড়িয়ে গুচের অটোগ্রাফ নিয়েছেন। সেই সইশিকারিই কিনা গুচকে সরিয়ে টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক এখন।
মুগ্ধ ভক্ত থেকে শিষ্য। কুকের ক্যারিয়ার গড়তে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি ওই গুচ। সেই গুচের রেকর্ড ভাঙার যত কাছে যাচ্ছিলেন ততই উত্তেজনায় কাঁপছিলেন কুক। দরকার ছিল ৩২ রান। রান ২০-এর ঘরে যেতেই কাঁপুনিটা টের পাচ্ছিলেন গুচের মতোই এসেক্স থেকে উঠে আসা কুক, ‘বিশের ঘরে আমি কখনোই নার্ভাস হইনি, তবে আজ নার্ভাস ছিলাম। অসাধারণ এক মুহূর্ত। আমার গুরু ও বন্ধুকে ছাড়িয়ে যাওয়াটা অবশ্যই বিশেষ কিছু। যেনতেনভাবে নয়, আমি চাইছিলাম ভালো একটা ইনিংস খেলেই তাঁকে ছাড়িয়ে যেতে।’
গুরুকে রানসংখ্যায় পেরিয়ে গেছেন, কিন্তু তাঁকে নতমস্তকেই সম্মান জানিয়েছেন কুকু, ‘এখনো গুচির কাছ থেকে কোনো অভিনন্দন পাইনি। আমি নিশ্চিত এসেক্সের কোথাও বসে তিনি উপভোগ করছেন রেড ওয়াইন। তবে এটুকু বলাই যায় তিনি না থাকলে আজ আমি এখানে আসতে পারতাম না।’
রানের পর রান। সেঞ্চুরির পর সেঞ্চুরি। তারপরও কুকের ব্যাটিংয়ের ধরনটা পছন্দ নয় অনেকেরই। কুক নিজেও কি সেই দলে? রেকর্ড ভাঙার পর কুক বললেন সে রকমই, ‘তালিকার সবার ওপরে নিজেকে দেখার অনুভূতিটা আমি বর্ণনা করতে পারব না। তবে যেভাবে খেলি তাতে এটা অন্তত বলতে পারি, সম্ভবত তালিকায় সবার ওপরে থাকার যোগ্য নই আমি।’
প্রায় দুই বছর টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। নিজেকে হারিয়ে খোঁজা কুককে সইতে হয়েছে অ্যাশেজে ৫-০-তে ধবলধোলাই হওয়ার গঞ্জনাও। এর সঙ্গে যোগ করুন কেভিন পিটারসেন বিতর্ক। এরপর ওয়ানডে দল থেকে বাদ পড়া। সব মিলিয়ে দুঃসহ একটা সময়ই গেছে ‘ক্যাপ্টেন’ কুকের। সেই কুক ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টে সেঞ্চুরি পেলেন। দেশে ফিরে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও। এরপর ৭৫ রানের ইনিংস খেলার পথে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক হওয়া। কুক ভোলেননি খারাপ সেই সময়ের কথা, ‘গত ১৮টি মাস অধিনায়ক হিসেবে খুব কঠিন সময় কাটিয়েছি। গত চার-পাঁচ মাসে অনেক কিছুই হয়েছে। তবে আমি খেলায় সময় দিয়েছি, কাজ করেছে এটা।’
গুচের ৮৯০০ রান পেরিয়ে কুকের রান এখন ৮৯৪৪। বয়স মাত্র ৩০, ইংল্যান্ড অধিনায়ককে হাতছানি দিচ্ছে আরও বড় কিছু। এএফপি, রয়টার্স।
টেস্টে ইংল্যান্ডের সেরা পাঁচ ব্যাটসম্যান

 ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড়  ১০০/৫০
 অ্যালিস্টার কুক  ১১৪*  ২০৩  ৮৯৪৪  ২৯৪  ৪৬.৮২  ২৭/৪১
 গ্রাহাম গুচ  ১১৮  ২১৫  ৮৯০০  ৩৩৩  ৪২.৫৮  ২০/৪৬
 অ্যালেক স্টুয়ার্ট  ১৩৩  ২৩৫  ৮৪৬৩  ১৯০  ৩৯.৫৪  ১৫/৪৫
 ডেভিড গাওয়ার  ১১৭  ২০৪  ৮২৩১  ২১৫  ৪৪.২৫  ১৮/৩৯
 

কেভিন পিটারসেন 

 ১০৪  ১৮১  ৮১৮১  ২২৭  ৪৭.২৮  ২৩/৩৫