বিপদে ডারবান ও পোর্ট অব স্পেন
ডারবানের কিংসমিড ও পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালের ভাগ্যে মনে হয় খারাপ কিছুই অপেক্ষা করছে! বৃষ্টির কারণে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এই দুই ভেন্যুতে দুটি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। আউটফিল্ড অনুপযোগী হয়ে পড়ায় বৃষ্টি থেমে যাওয়ার পরও খেলা শুরু করা যায়নি। দুই ম্যাচ রেফারিই আউটফিল্ড ‘বাজে’ ছিল উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ভেন্যু ‘বাজে’ রেটিং পেলে জরিমানা দিতে হয়।
ম্যাচ রেফারিদের প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট দুই ক্রিকেট বোর্ডকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে আইসিসি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লুআইসিবি) দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। জবাব মনঃপূত না হলে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইসিসির নির্দেশনা মানতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে।
ডব্লুআইসিবি অবশ্য এরই মধ্যে নড়েচড়ে বসেছে। কেন মাঠ প্রস্তুত করা গেল না, তা নিয়ে তদন্তে নেমেছে ক্যারিবীয়রা। রয়টার্স, আইসিসি।