কাঁপছে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির তোপে টালমাটাল আফগানিস্তান! ছবি: শামসুল হক, ক্যানবেরা থেকে
মাশরাফির তোপে টালমাটাল আফগানিস্তান! ছবি: শামসুল হক, ক্যানবেরা থেকে

মাশরাফি বিন মুর্তজার গুডলেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা জাভেদ আহমেদির জন্য ছিল একটু বাড়াবাড়িই। শরীর সামলাতে গিয়ে তা তিনি তুলে দিলেন আকাশেই। নিজের বলে আহমেদির ক্যাচটি নিয়ে অধিনায়ক এনে দিলেন বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু। এর পরের ওভারেই আবার রুবেল হোসেনের আঘাত। তাঁর শর্ট অব লেংথ বলটি অফস্টাম্পের ঠিক ওপরে আফসার জাজাইকে ফেলে দেয় এলবি’র ফাঁদে।
এখানেই শেষ নয়। আহমেদি ও জাজাইয়ের পথ অনুসরণ করেছেন আসগর স্টানিকজাইও। তিনি স্লিপে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক মাশরাফির বলেই।
স্কোরবোর্ডে ৩ রান উঠতেই তিনটি উইকেট হারিয়ে আফগানিস্তানের অবস্থা এই মুহূর্তে বেশ শোচনীয়ই।

ধীর গতির ব্যাটিংয়ের পর এনামুল-তামিমের উইকেট বিলিয়ে দিয়ে আসা, সৌম্য সরকার আর মাহমুদউল্লাহর নিজেদের ইনিংসকে পরিণতির দিকে টেনে নিয়ে যেতে না পারা—এই ঘটনাগুলো যদি বাংলাদেশের মানুষকে মানসিক যন্ত্রণা দিয়ে থাকে, তাহলে পঞ্চম উইকেট জুটিতে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ১১৪ রানের যুগলবন্দী সবাইকে নিশ্চিতভাবেই বিলি করেছে নিদারুণ আনন্দ। দেশের দুই সেরা খেলোয়াড়ের পাল্টা আঘাতে ভর করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ২৬৭ রান।
সাকিবের ব্যাট থেকে এসেছে ৬৫ রান আর মুশফিকের ৭১। দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর ছোট্ট একটি আক্ষেপ কিন্তু শেষতকও সঙ্গী হয়েছে বাংলাদেশের। মুশফিক, সাকিবের কেউ যদি ইনিংসের একেবারে শেষ পর্যন্ত থেকে যেতে পারতেন, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের সংগ্রহটা আর স্ফীত হতে পারতো। আফগানিস্তানের প্রতি চ্যালেঞ্জটা হতো আরও যুৎ​সই।
প্রথম ১০ ওভারের পাওয়ার প্লে’তে বাংলাদেশ রান তু​লেছিল ৩৮। দ্বিতীয় পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে রান ওঠে ৪৮। সাকিব আর মুশফিক বেশ বিপর্যয়কর পরিস্থিতিতে দাঁড়িয়ে​ই পাল্টা আঘাত করে গেছেন ঠান্ডা মাথায়। ৫১ বলে ৬৩ রানের ইনিংস খেলার পথে সাকিবের ব্যাট থেকে এসেছে ৬টি চার ও একটি ছয়ের মার। আজ নিজের ক্রিকেট ক্যারিয়ারেও দারুণ একটা মাইলফলক পেরিয়ে গেছেন তিনি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে তিনি ছুঁয়েছেন চার হাজার রানের গৌরবগাথা।
মুশফিকও তাঁর ৭১ রানের পথে মেরেছেন ৬টি চার ও একটি ছয়ের মার। পুল করে মারা তাঁর ছয়ের মারটি নিশ্চিতভাবেই আফগান বোলারদের আত্মবিশ্বাসকে দুমড়ে-মুচড়ে দিয়েছিল।
আগেই বলা হয়েছে, ২৬৭ রানে শেষ হওয়া বাংলাদেশের ইনিংসে আক্ষেপ আছেই। সাকিব ও মুশফিক যখন ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখছেন, ঠিক তখনই সাজঘরের পথ ধরেন এঁরা দু’জন। প্রথমে আউট হন সাকিব। হামিদ হাসানের স্লোয়ার বলটি বুঝতে না পেরে প্লেইড-অন হয়ে যান তিনি। মুশফিকুর রহিম মিড উইকেটে মোহাম্মদ নবীর বলে ক্যাচ দেন সামিউল্লাহ শেনওয়ারিকে। শেষের দিকে মাশরাফি বিন মুর্তজা দারুণ তিনটি চারে ৯ বলে ১৪ রান করেন। মুমিনুল হক টেইলে নেমে দ্রুত রান নিতে গিয়ে হন রান আউটের শিকার। সাব্বির রহমান ৩ রানে বোল্ড হন হামিদ হোসেনের বলে। মাশরাফির পাশাপাশি টেইল এন্ডারদের ব্যাট থেকে খুচরো কিছু রান আসলে বাংলাদেশের সংগ্রহটা অবশ্যই ২৮০ পেরিয়ে যায়। তবে মুমিনুল হকের মতো ব্যাটসম্যানকে দলে রেখেও অপচয় করার কারণটা একেবারেই বোধগম্য নয় ক্রিকেটপ্রেমী জনতার কাছে।
আফগানিস্তানের বোলাররা আজ বল করেছেন দুর্দান্তই। হামিদ হাসান, শাপুর জারদান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম-প্রত্যেকেই নিয়েছেন দুটি করে উইকেট। অধিনায়ক মোহাম্মদ নবী পেয়েছেন একটি উইকেট।