অশ্বিন-বিষে নীল শ্রীলঙ্কা

শুরুর বিপর্যয়টা শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতির আগে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা লঙ্কানদের ইনিংস শেষ হয়ে গেছে চা-বিরতির আগেই। ৪৯.৪ ওভার স্থায়ী ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল স্কোর বোর্ডে তুলতে পেরেছে মাত্র ১৮৩ রান। এটি প্রথমে ব্যাট করে ভারতের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯৪ সালে আহমেদাবাদ টেস্টে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ১১৯ রানেই।
শ্রীলঙ্কার সংগ্রহ ১৮৩-তেও পৌঁছত না। এ ক্ষেত্রে ধন্যবাদ পেতেই পারেন অধিনায়ক ম্যাথুস আর দিনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজনের ৭৯ রানের যুগলবন্দী লঙ্কানদের রক্ষা করে মহা বিপর্যয়ের হাত থেকে। ম্যাথুসের ব্যাট থেকে আসে ৬৪, চান্দিমালের সংগ্রহ ৫৯ রান।
২২ বছর রাবণের দেশে টেস্ট সিরিজ না জেতা ভারত অবশ্য প্রতিপক্ষের এই করুণ দশার জন্য ধন্যবাদ দেবে দলের স্পিনারদেরই। তবে ধন্যবাদের মাত্রাটা বেশি হবে রবিচন্দ্রন অশ্বিনের জন্যই। দীর্ঘদেহী এই অফ স্পিনার গল টেস্টের শুরুর দিনেই যেভাবে বলকে বাঁক খাওয়ালেন তাতে মুগ্ধ না হয়ে পারা যায় না। মুগ্ধতা তিনি আরও বাড়িয়েছেন মাত্র ১০.৩ ওভারের মধ্যেই লঙ্কানদের ৫টি উইকেট তুলে নিয়ে। এর মধ্যে আছে কুমার সাঙ্গাকারার স্মরণীয় উইকেট। এটি ভারতের বাইরে অশ্বিনের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। গত জুনে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ৮৭ রানে নেওয়া ৫ উইকেট ছিল টেস্ট ক্রিকেটে দেশের বাইরে প্রথম ৫ উইকেট শিকারের গল্প। অশ্বিনের আজকের পারফরম্যান্স (৬/৪৬) টেস্ট ক্রিকেটে যেকোনো ভারতীয় স্পিনারের দেশের বাইরে সেরা বোলিং হিসেবেই বিবেচিত হচ্ছে।
টসে জিতে ব্যাট করতে নামার পরপরই বিপর্যয় শুরু হয় শ্রীলঙ্কার। শুরুর দিকে লঙ্কান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন ভারতের দুই গতি বোলার—ইশান্ত শর্মা ও বরুণ অ্যারন। এই দুইয়ের শর্ট পিচ ডেলিভারিগুলো নাচিয়ে ছেড়েছে শ্রীলঙ্কান দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। এমনই দুটো বলে নিজেদের উইকেট দিয়ে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান দ্বিমুথ করুণারত্নে ও কৌশল সিলভা। কৌশল সিলভার আউটটি নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও এই দুই ব্যাটসম্যানের ওপর দুই পেসারের তৈরি করা চাপ নিয়ে কোনো বিতর্ক নেই।
ইশান্ত-বরুণ প্রাথমিক ধাক্কাটা দিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। বাকি সময়টা পুরোটাই উপভোগ্য হয়ে উঠেছিল তিন স্পিনার—অশ্বিন, হরভজন সিং ও অমিত মিশ্রর। টার্ন এবং বাউন্স ব্যবহার করে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের অসম্ভব বিব্রত করে তোলেন এই অশ্বিন। গলে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে নামা লঙ্কান ‘গ্রেট’ কুমার সাঙ্গাকারাকে তিনি ফেরান বলে চমৎকার বাঁক খাইয়ে। আগের কয়েকটি বল সাঙ্গাকারা ছেড়ে দিলেও এই বলে ব্যাট আর সরাতে পারেননি। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় সিলি পয়েন্টে দাঁড়ানো লোকেশ রাহুলের কাছে।
সাঙ্গাকারার পাশাপাশি অশ্বিন ফেরান লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিহান মুবারাক, ধাম্মিকা প্রসাদ ও রঙ্গনা হেরাথকে। তাঁর রান খরচও (৪৬ রান) বলে দিচ্ছে আজ গলের উইকেটে কতটা ভয়ংকর হয়ে উঠেছিলেন তিনি।
চান্দিমালের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র। ২০১১ সালের পর এই প্রথম টেস্ট খেলার সুযোগ পাওয়া মিশ্র সেই উইকেটে আনন্দিত হতেই পারেন। মিশ্র তাঁর দ্বিতীয় উইকেট হিসেবে তুলে নেন থারিন্দু কুশালকে।
নিয়মিত বিরতির চেয়েও দ্রুতগতিতে উইকেট পতনের মধ্যেও কিছুটা প্রতিরাধ গড়ে তুলেছিলেন রঙ্গনা হেরাথ। তিনি ২৩ রান করে চেষ্টা করেছেন দলের বিপর্যয়ের মাত্রা কমাতে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
শ্রীলঙ্কার ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে ফেলেছে ভারতীয় দল। স্কোরবোর্ডে ১৪ রান তুলতেই ফিরে গেছেন মুরলি বিজয়ের চোটের কারণে দলে জায়গা পাওয়া লোকেশ রাহুল। রাহুলের উইকেটটি তুলে নিয়েছেন ধাম্মিকা প্রসাদ। তার ঠিক ১৪ রান পরেই শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রোহিত শর্মা। দিনের বাকি সময়টুকু হতাশা নিয়েই পার করেছেন শ্রীলঙ্কান বোলাররা। ওপেনার শিখর ধাওয়ানকে নিয়ে একশত রানের জুটি গড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে ফর্মে ফেরা ইঙ্গিত দিচ্ছেন কোহলি । দিন শেষে ৪৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। সঙ্গী ধাওয়ানের সংগ্রহ ৫৩।