বিপর্যয় কাটানোর চেষ্টা বাংলাদেশের
শুরুর বিপর্যয় সামাল দিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এই মুহূর্তে ১১ ওভারে ৫৯/৩।
বৃষ্টির কারণে এই মুহূর্তে অবশ্য বন্ধ রয়েছে খেলা। খেলার বন্ধ হয়ে যাওয়ার আগে চতুর্থ উইকেট জুটিতে তামিম ও সাব্বির অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ৫৩ রান। তামিম ২৪ ও সাব্বির ২৭ রানে ব্যাট করছেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দিলহারা লোকুহেদ্দিকে ও ইসুরু উদানার বোলিং তোপে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় রান দুই অঙ্কে যাওয়ার আগেই ফিরে যান এনামুল হক, মোহাম্মদ মিথুন ও সাকিব আল হাসান।
কুয়েতকে উড়িয়ে দিয়ে সেমিতে আসা বাংলাদেশ আজই এশিয়াড ক্রিকেটের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন। সোনা ধরে রাখার মিশনে এই ম্যাচটাই যে একমাত্র বাধা সেটা আর নতুন করে বলার কিছু নেই। ভারত, পাকিস্তানবিহীন এশিয়াড ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই যে সোনাটা প্রায় জয় করে ফেলা যায়। আসল লড়াইয়েই ২০১৪ সালের বাজে ফর্মটা আবারও সমস্যা তৈরি করলো এশিয়াড ক্রিকেটে এক অর্থে মূল দল নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশের।
শ্রীলঙ্কা অবশ্য পুরোপুরি জাতীয় দল পাঠায়নি। তবে এই দলে আছেন উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, কিথুরুয়ান ভিতানাগে, চতুরাঙ্গা ডি সিলভা ও আশান প্রিয়াঞ্জনদের মতো সাম্প্রতিককালে টেস্ট ও ওয়ানডে খেলা ক্রিকেটাররা।