বিপর্যয় সামলে রূপগঞ্জের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে জিতিয়ে ফিরছেন রূপগঞ্জের দুই ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু (বাঁয়ে) ও আসিফ আহমেদ  l প্রথম আলো
দলকে জিতিয়ে ফিরছেন রূপগঞ্জের দুই ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু (বাঁয়ে) ও আসিফ আহমেদ l প্রথম আলো

৪৯তম ওভারের আগে গাজী গ্রুপ ক্রিকেটার্স লম্বা মিটিংই করল। অধিনায়ক অলক কাপালি সিদ্ধান্ত নিতে পারছিলেন না কাকে দিয়ে করাবেন ওভারটা। শেষ ২ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের দরকার ১১ রান, সিদ্ধান্তটা তাই ভেবেচিন্তেই নিতে চাইলেন অলক।
প্রথম ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট—নিজের আগের দুই স্পেলের ওপরই আস্থা রাখলেন অধিনায়ক। কিন্তু ওই ওভারেই ম্যাচ শেষ করার সিদ্ধান্ত আগে থেকেই যেন নিয়ে রেখেছিলেন রূপগঞ্জের ৯ নম্বর ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু। প্রথম ২ বলে ৩ রান নিলেন আসিফ আহমেদ। তৃতীয় বলটাকে মিড উইকেট দিয়ে আলাউদ্দিন আছড়ে ফেললেন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ফাঁকা পশ্চিম গ্যালারিতে। ম্যাচের ফল নিয়ে সব সংশয় শেষ ওখানেই। পরের ৩ বলে দুটি সিঙ্গেল নিয়েই এরপর ২৫৬ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলেন আলাউদ্দিন ও আসিফ।
৪৯তম ওভারের বিশাল এই ছক্কার আগে আরও ২টি ছয় মেরেছেন ২২ বলে ৩৪ রানে অপরাজিত আলাউদ্দিন। ৪৭ রানের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে তাঁর সঙ্গী আসিফ ব্যাট করেছেন মাথা ঠান্ডা রেখেই (৭৬ বলে ৫৪)। মাথা গরম করার উপায়ও অবশ্য ছিল না আসিফের। আলাউদ্দিন যখন ক্রিজে আসেন দল যে ২০৯ রানেই হারিয়েছে ৭ উইকেট।
রূপগঞ্জের শুরুটাই ছিল বিপর্যয়কর। ইনিংসের প্রথম বলেই স্লিপে অলকের ক্যাচ মিজানুর রহমান। ২ ওভার পরে ১১ রানে নেই জহুরুল ইসলামও। দুটি উইকেটই নিয়েছেন পেসার দেলোয়ার। দল ১১ রানে থাকতে নেই সৌম্য সরকারও। অফ স্পিনার মেহেদীর বলটা জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড জাতীয় দলের ক্রিকেটার। সব ধরনের ক্রিকেট মিলিয়ে সর্বশেষ ২৪ ইনিংসে ফিফটিবিহীন সৌম্য কাল ৪ বলে করেছেন মাত্র ১ রান।
রূপগঞ্জের লড়াইটা শুরু এরপরই, আর তাতে নেতা ছিলেন মোহাম্মদ মিঠুন। প্রথমে পাকিস্তানি ব্যাটসম্যান আসহার জাইদিকে নিয়ে ৯১ রানের জুটি গড়ার পর আসিফকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৪৫ রান যোগ করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। নিজে আউট হয়েছেন ৭৫ রানে।
তবে শেষ পর্যন্ত উইকেটে না থাকতে পারায় ম্যাচ শেষে একটু আফসোসই ছিল মিঠুনের, ‘টিকে থাকা উচিত ছিল। এরপর চেষ্টা করব এ রকম পরিস্থিতি ম্যাচ শেষ করেই ফিরতে।’
এর আগে গাজী গ্রুপের ইনিংসে ফিফটি করেছেন শামসুর রহমান ও সাঈদ আনোয়ার জুনিয়র। ২০ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ফারুক হোসেন। আবু হায়দারের বলে মিড উইকেট দিয়ে হেলিকপ্টার শেট একটা চারও মেরেছেন ফারুক।
ব্যাটিংয়ে ব্যর্থ সৌম্য সরকার এর আগে বোলিংয়ে ভালো করেছেন। ২ ওভার বোলিং করে ২ উইকেটও নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথম বল হাতে নেওয়া এই পেসার।