মঈন আলীই কি এ মুহূর্তে বিশ্বের সেরা অফ স্পিনার? অন্তত ভারতীয়দের কাছে প্রশ্ন করলে হ্যাঁ উত্তর আসার সম্ভাবনাই বেশি। ইংলিশ এই অফ স্পিনারের বলের ঘূর্ণি যে বুঝতেই পারছে না ভারতীয়রা।
সাউদাম্পটনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে মঈন আলী গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতীয়দের। কাল ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসেও তাঁর স্পিনেই দিশেহারা ভারত। প্রথম ইনিংসে ২১৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত ১৬১ রানে অলআউট। ম্যাচের নিষ্পত্তি তিন দিনেই। ভারতের হার ইনিংস ও ৫৪ রানে।
তিন দিন আসলে দিনের হিসাবে। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা হয়েছে ৩৬ ওভার। ভারতের হার তাই কার্যত আড়াই দিনেরও কম সময়ে! প্রথম ইনিংসে ৪৬.৪ ওভার ব্যাট করেছিল ভারত। এবার টিকে থাকতে পেরেছে প্রথম ইনিংসের চেয়েও ৩.৪ ওভার কম!
অথচ ব্যাটিংয়ের সময় অ্যারনের বলে নাকে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া স্টুয়ার্ট ব্রড ভারতের দ্বিতীয় ইনিংসে বলই করতে পারেননি। তাঁর অনুপস্থিতি অবশ্য বুঝতেই দেননি মঈন আলী। বিজয়কে দিয়ে ভারতকে গুঁড়িয়ে দেওয়ার মিশনটা শুরু করেছিলেন ওকস। পরে গৌতম গম্ভীরকে ফেরান জেমস অ্যান্ডারসন। এর পরই মঞ্চে মঈন আলী। পুজারাকে এলবিডব্লু করে শুরু। পরে ফিরিয়েছেন রাহানে, ধোনি ও জাদেজাকে। বল হাতে উইকেট এই চারটিই। তবে ফিল্ডার মঈন আলী ভুবনেশ্বরকে রানআউট করতেও রেখেছেন ভূমিকা। যদিও সিরিজে ১৯ উইকেট পাওয়া আলী নন, ম্যাচসেরা প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া ব্রড।
এর আগে রুট-বাটলারের ফিফটিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৬৭ রান। দুজনকেই ফিরিয়ে দেন অভিষেক টেস্টে উইকেটশূন্য থাকা পঙ্কজ সিং। লডর্সের দ্বিতীয় টেস্টে ৯৫ রানে জিতে ভারতই সিরিজে এগিয়ে গিয়েছিল ১-০তে। টানা দুই জয়ে উল্টো ইংল্যান্ডই এখন ২-১তে এগিয়ে। ক্রিকইনফো।