বিপর্যয় কাটিয়ে নিরাপদে খুলনা

খুলনা টাইটানসের প্রথম দুই ম্যাচে সেভাবে রান পাননি মাহমুদউল্লাহ। চিটাগং ভাইকিংসের বিপক্ষে আজ তাঁর ব্যাট জ্বলে উঠল দলের বিপর্যয়ের মধ্যেই। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে খুলনা টাইটানস যখন ধুঁকছে, ঠিক তখনই মাহমুদউল্লাহর ৩৩ বলে ৪০ পথ দেখিয়েছিল তাদের। বড় ইনিংসের ভিত্তিটা গড়লেও শেষ করে আসতে পারেননি। তাসকিন আহমেদের বলে এনামুল হকের হাতে ধরা পড়ে আক্ষেপ করতে করতে যখন বেরিয়ে যাচ্ছেন, দলকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। কিন্তু সেই পথটা খুলনাকে দারুণভাবেই পার করে দিয়েছেন তরুণ আরিফুল হক আর কার্লোস ব্রাফেট। আরিফের ২৫ বলে ৪০ আর ব্রাফেটের ১৪ বলে ৩৩ রানে শুরুতে বিপর্যয়ে পড়া খুলনা নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়েছে।
৩ উইকেট হারানোর পর উইকেটে রাইলি রুশোর সঙ্গে জুটি বেঁধেছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়ক উইকেটে আসার সময় ৫ ওভার শেষে খুলনার স্কোর ছিল ৩ উইকেটে ৩১। ১৫.৩ ওভারে তাসকিনের শিকার হওয়ার আগে দলের বিপর্যয় কাটান মাহমুদউল্লাহ। ২ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ আউট হওয়ার সময় খুলনার স্কোর ছিল ১০৩/৫।
রুশোর সঙ্গে ৩৯ রানের জুটি ছাড়াও আরিফুল হকের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে খুলনার স্কোরকে দেড় শ পার করান ব্রাফেট-আরিফুল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের নায়ক ব্রাফেটের ইনিংসে ছিল ৩ ছক্কা ও ২ বাউন্ডারি। আরিফুল ১টি চারের বিপরীতে মেরেছেন ৪টি ছক্কা। এই দুজনের কল্যাণেই শেষ ৫ ওভারে ৬৯ রান তোলে খুলনা। চিটাগংয়ের তাসকিন নিয়েছেন ৩ উইকেট।