বিপর্যয় সামলে চিটাগংকে ১৬৮ রানের চ্যালেঞ্জ সিলেটের

বিপিএলে আজ নিজেকে মেলে ধরলেন ডেভিড ওয়ার্নার। ছবি: শামসুল হক
বিপিএলে আজ নিজেকে মেলে ধরলেন ডেভিড ওয়ার্নার। ছবি: শামসুল হক
>শুরুতেই বিপর্যয়ে পড়েও ডেভিড ওয়ার্নার, নিকোলাস পুরান আর আফিফ হোসেনের ব্যাটে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তুলেছে সিলেট সিক্সার্স

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অধিনায়কের সিদ্ধান্তের সঙ্গে নিজেদের মেলাতে পারেননি সিলেটের দেশীয় তারকারা। মিরপুরের উইকেটের জুজু তাদের ঘিরে রইল আজও। লিটন দাস, নাসির হোসেন আর সাব্বির রহমান শুরুতেই নেই। আরও একটি লো-স্কোরিং ম্যাচের যন্ত্রণা কাঁধে নেওয়ার অপেক্ষায় যখন দর্শকেরা ঠিক তখনই অধিনায়ক ওয়ার্নার নিজেই সামনে থেকে নেতৃত্ব দিলেন লড়াইয়ের চিটাগং ভাইকিংসের বোলারদের চাপে রেখে সাবেক আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ সাবেক অস্ট্রেলীয় সহ অধিনায়ক নিজের অভিজ্ঞতার পুরোটা ঢেলে দিলেন। দারুণ এক ফিফটিতে সিলেটকে তিনি এনে দিয়েছেন মোটামুটি ভালো এক সংগ্রহ। এবারের বিপিএলে দলগুলির ব্যাটিংয়ের যে অবস্থা তাতে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৬৮ রান দেখে খুশি হতেই পারে সিলেট।
ওয়ার্নারের ৪৭ বলে ৫৯ রানের ইনিংসটির পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের আগামীর তারকা আফিফ হোসেনের ২৮ বলে ৪৫ রানের ইনিংসটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। মাত্র ৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ওয়ার্নার আর আফিফের চতুর্থ উইকেটে ৭১ রানের জুটিতেই লড়াইয়ের পথ খুঁজে পায় সিলেট। এরপর নিকোলাস পুরান ওয়ার্নারকে সঙ্গে দিয়েছেন শেষ পর্যন্ত। ওয়ার্নার আর পুরানের ৪৭ বলে ৭০ রানের জুটিই চিটাগংকে চ্যালেঞ্জ ছুড়তে পেরেছে সিলেট।
দিনের দ্বিতীয় বলেই আউট হয়েছিলেন লিটন দাস। রবি ফ্রাইলিংকের বলে লেগ সাইডে ঘোরাতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দেন লিটন দাস। এরপর আঘাত হানেন অফ স্পিনার নাঈম হাসান। তাঁর বলে লং অনে দাঁড়ানো মোসাদ্দেক হোসেনের দারুণ এক ক্যাচে পরিণত হন নাসির হোসেন। এরপর সাব্বির রহমান ওই ফ্রাইলিংকের বলেই প্লেড অন হয়ে যান।
আফিফ ৩টি ছক্কা আর ৫টি বাউন্ডারি মেরে ভয়ংকর হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁর দুর্ভাগ্য, ফিফটি পাননি। খালেদ আহমেদের বলে মোহাম্মদ শাহজাদের হাতে ক্যাচ দেন তিনি। ওয়ার্নার দলকে পথ দেখানো দুটি জুটির বড় অংশীদার হয়ে ফ্রাইলিংকের বলে ডেলপোর্টের হাতে ধরা পড়েন। পুরান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ বলে ৫২ রানের দারুণ কার্যকরী ও প্রয়োজনীয় একটি ইনিংস খেলে। তিনি ৩টি করে বাউন্ডারি আর ছক্কা মেরেছেন।
চিটাগংয়ের রবি ফ্রাইলিংক দুর্দান্ত বোলিং করেছেন ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া নাঈম হাসান আর খালেদ আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।