বিপর্যয়ের তিন কাহন
ম্যাচটা দেখতে পারত রুদ্ধশ্বাস সমাপ্তি। মালমসলা যে জোগাড়ই ছিল। ২০৩ রানের লক্ষ্য, ১৩ ওভারে ১১৭ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। শেষ সাত ওভারে করতে হবে ৮৬ রান, কাজটা কি কঠিন? ইংল্যান্ডের হাতে ছিল ৮ উইকেট। আর যেভাবে ব্যাট করছিলেন জো রুট ও এউইন মরগান, ইংলিশরা না জিতুক, কাছাকাছি তো যেতে পারত।
কিন্তু বেঙ্গালুরুতে পরশু ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিতে এরপর যা হলো, সেটাকে অবিশ্বাস্যই বলতে হয়। হঠাৎ ধেয়ে আসা ঘূর্ণিপাকে পড়ে লন্ডভন্ড ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১০ বলের মধ্যেই ৫ উইকেট তুলে নিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছিলেন জসপ্রীত বুমরাও। ফল, ১৩.৩ ওভার থেকে ১৬.৩ ওভার—এই ১৮ বলে ৮ রানে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানে অলআউট ইংল্যান্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার নাতিদীর্ঘ ইতিহাসে এত কম রানে আর কোনো দলকে ৮ উইকেট হারাতে দেখেনি। সেটা প্রথম ৮ উইকেট, কি শেষ ৮ উইকেট কিংবা দ্বিতীয় থেকে নবম এই ৮ উইকেটেও না। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের আবির্ভাবের পর ১৪০ বছরের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট মাত্র একটি ইনিংসেই এর চেয়ে কম রানে ৮ উইকেট পড়তে দেখেছে। ১৯৪৬ সালে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড।
ম্যাচটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম টেস্ট। প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্টও ছিল এটি। টস জিতেছিল নিউজিল্যান্ড, অধিনায়ক ওয়াল্টার হ্যাডলি তখন নিশ্চয় ভাবেননি ম্যাচে তাঁর একমাত্র সুখস্মৃতি হয়ে থাকবে এটাই। ২ উইকেটে ৩৭ থেকে ৪২ রানেই শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। শেষ ৮ উইকেটের ৫টিই নিয়েছিলেন লেগ স্পিনার বিল ও’রিলি। অন্য তিনটি মিডিয়াম পেসার আর্নি টোশাকের। দ্বিতীয় ইনিংসেও ৫৪ রানে অলআউট, মাত্র দুদিনেই ইনিংস ব্যবধানে ম্যাচটা হারে নিউজিল্যান্ড।
ওয়ানডে বিপর্যয়ের ইতিহাসে সবার ওপরে নাম শ্রীলঙ্কার। ১৯৮৬ সালে শারজায় চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১০ রানেই শেষ ৮ উইকেট হারায় লঙ্কানরা। ২৪৯ রানের লক্ষ্যে ছোটা শ্রীলঙ্কা ২ উইকেটে ৪৫ রান তোলার পরই বিপর্যয়ের শুরু। মাত্র ১ রান দিয়ে ৮ উইকেটের শেষ ৫টিই পেয়েছিলেন কোর্টনি ওয়ালশ।
৪.৩-৩-১-৫! বাংলাদেশের বর্তমান বোলিং কোচের বোলিং বিশ্লেষণটা এখনো বিস্ময় জাগায়।