বিপিএল শিরোপা এবারও অধরা থাকছে মুশফিকের
সব ভার গিয়ে পড়ল মেহেদী হাসান মিরাজের ওপরই। সেই মিরাজ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যাঁকে সরিয়ে দিয়েছিল অধিনায়কত্ব থেকে। সেই মিরাজ, প্রথম ৩ ওভারে যিনি দিয়েছেন ৩২ রান। শেষ ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৬ রান, ক্রিজে ৫৫ বলে ৭৪ রানে অপরাজিত আন্দ্রে ফ্লেচার, সঙ্গী বিপজ্জনক থিসারা পেরেরা। তবে পুরো ওভারে মিরাজ বলতে গেলে তাঁদের সুযোগই দিলেন না। শেষ বলে গিয়ে ক্যাচ তুললেন পেরেরা, নিজের বলে সেটি ধরে শুয়ে পড়লেন মিরাজ। যেন চট্টগ্রামের সব ভার সয়ে নিলেন তিনি একাই!
মুশফিকুর রহিম ও খুলনার স্বপ্ন ভেঙে চট্টগ্রামকে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিয়ে গেলেন মিরাজ। এর আগে ব্যাটিংয়েও রেখেছিলেন অবদান। ৬৫ রানে ৪ উইকেট হারানোর পর চ্যাডউইক ওয়ালটনের সঙ্গে গড়েছেন পঞ্চম উইকেটে বিপিএলের রেকর্ড ১১৫ রানের জুটি, মাত্র ৫৮ বলে। তাতেই উইল জ্যাকসকে ছাড়া খেলতে নামা চট্টগ্রাম পায় ১৮৯ রানের বড় সংগ্রহ। জবাবে মুশফিক ও ফ্লেচারের ৪৯ বলে ৬৪ ও ফ্লেচারের সঙ্গে ইয়াসির আলীর ৩৮ বলে ৬৫ রানের ইনিংসে অনেকটাই এগিয়ে গিয়েছিল খুলনা। তবে ১৯তম ওভারে শরীফুল ইসলামের পর ২০তম ওভারে ৭ রান দূরে থাকতেই মিরাজের সামনে আটকে গেল তারা। এর ফলে বিপিএলের শিরোপাটা আরেকবার অধরা থেকে গেল মুশফিকের।
মিরপুরে এলিমিনেটর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল চট্টগ্রামকে। টুর্নামেন্টে তাদের সেরা ব্যাটসম্যান উইল জ্যাকসকে পায়নি তারা এদিন, ম্যাচের আগে হুট করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। খুলনাও আঘাত করতে সময় নেয়নি, প্রথম দুই সাফল্য তারা পেয়েছিল শর্ট বলে। খালেদ আহমেদের বলে ক্যাচ তোলেন জাকির হাসান, চড়াও হতে গিয়ে খাড়া ওপরে তোলেন অধিনায়ক আফিফ হোসেন। চট্টগ্রাম ১৬ রানের মধ্যেই হারিয়ে ফেলে ২ উইকেট। জ্যাকসের বদলে নামা কেনার লুইস দুটি বড় ছক্কার সঙ্গে মেরেছেন ৪টি চার, তবে ৩৯ রানের ইনিংসে স্ট্রাইক রেটটা ১২১.৮৭-ই থেকে গেছে তাঁর। নাবিল সামাদের বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয়েছে তাঁকে।
লুইসের পরের ওভারে ২ চারে ১০ রান করে শামীম হোসেন এলবিডব্লু হন মেহেদী হাসানের আর্ম বলে। চট্টগ্রাম ইনিংসের মাঝপথে চতুর্থ উইকেট হারায় ৬৫ রানে। বাঁহাতি স্পিনার নাবিলের ওভার শেষ হয়ে যায় নবম ওভারেই, ৪ ওভারে মাত্র ১৫ রান দেন তিনি। তবে এরপর দুই ডানহাতি ওয়ালটন ও মিরাজ কী করবেন, সেটা জানা থাকলে বোধ হয় নাবিলের ওভার রেখেই দিতেন মুশফিক! অবশ্য প্রথম ১১ ওভারে তো চট্টগ্রামের ওপর চড়ে বসেছিল খুলনাই! সে সময় ১৭ বল খেলে মাত্র ১১ রান করেছিলেন ওয়ালটন, মিরাজের রান ছিল ৬ বলে ৫।
১২তম ওভারে মেহেদীর ওপর প্রথমে চড়াও হন মিরাজ, ডাউন দ্য গ্রাউন্ডে এসে মারা ছক্কায়। সে ওভারে ওয়ালটন মারেন চার-ছয়, ওঠে ১৮ রান। মধ্যে ১৪তম ওভারে এসে ফরহাদ রেজা দেন ৬ রান, ১৭তম ওভারে থিসারা পেরেরার কাছ থেকে ৬ রানের বেশি আসেনি। কিন্তু এর আগে-পরে চলে ওয়ালটন-মিরাজের তাণ্ডব।
ওয়ালটন অর্ধশতক পান মাত্র ২৮ বলে, রুয়েল মিয়ার এক ওভারে দুটি করে চার ও ছয় মারার পথে। ওয়ালটন খেলেছেন উইকেটের চারপাশেই, তবে লেগ সাইডে বিহাইন্ড দ্য স্কয়ারে ছিলেন দুর্দান্ত। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন মিরাজ। শেষ ওভারে এসে পেরেরার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেছেন ২ চার ও ১ ছয়ে। শেষে নেমে পেরেরাকে ছক্কা মেরেছেন বেনি হাওয়েল। শেষ ৯ ওভারে চট্টগ্রাম তুলেছে ১১৮ রান। ৮৯ রানের অপরাজিত ইনিংসে ওয়ালটন মেরেছেন ৭টি করে চার ও ছয়।
রানতাড়ায় মেহেদী হাসান আগের দিনের পারফরম্যান্স বয়ে আনতে পারেননি, ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও। মেহেদীকে ফিরিয়ে চট্টগ্রামকে প্রথম ব্রেকথ্রু দেন নাসুম আহমেদ। ইনিংসে নিজের প্রথম বলেই সৌম্যকে ফেরান মৃত্যুঞ্জয় চৌধুরী। খাড়া ওপরে ওঠা ক্যাচটা অনেকটা ছোটার পর ডাইভ দিয়ে দারুণভাবে নেন আকবর আলী।
তবে টপ অর্ডারের দুজন ব্যাটসম্যান ২ ও ১ রান করে ফিরলেও শুরুতে খুলনা ঠিকই রান পেয়েছে ফ্লেচারের কল্যাণে। পাওয়ারপ্লে-তেই উঠেছে ৫৮ রান, এর মধ্যে ২৫ বলে ৪০ রান একাই করেছেন ফ্লেচার। মুশফিক এরপর ভালো সঙ্গ দিয়েছেন তাঁকে, নিজেও মেরেছেন ৪টি ছয়। তবে খুলনা অধিনায়ক ফিরেছেন অসময়েই, মিরাজের বলে কট বিহাইন্ড হওয়ার আগে করেছেন ২৯ বলে ৪৩ রান।
এরপর যখন ইয়াসির নামেন, চট্টগ্রামের প্রয়োজন ছিল ৪৭ বলে ৮৩ রান। সেটিই একসময় পরিণত হয় ২৪ বলে ৫৬ রানে। প্রথম ১৩ বলে ১৩ রান করা ইয়াসির জ্বলে ওঠেন এরপরই। শরীফুলের পর চড়াও হন মৃত্যুঞ্জয়ের ওপর। শেষ ১২ বলে দরকার ছিল ২৪ রান। ১৯তম ওভারের প্রথম বলেই শরীফুলকে ইয়াসির ছয় মারলে ম্যাচটা আরেকবার ঝুঁকে যায় খুলনার দিকে। তবে ১ বল পরই ইয়াসিরকে ফেরানোর পর সে ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ান শরীফুল, শেষ ৫ বলে দেন মাত্র ৩ রান। ইয়াসির ৪৫ রান করেন ২৪ বলে।
তবে এরপরও কঠিন কাজটা বাকি ছিল ততক্ষণে ৩ ওভারে ৩২ রান দেওয়া মিরাজের। সেটি কী দারুণভাবেই না করলেন তিনি! ফলে হতাশ হয়েই বিদায় নিতে হলো আগের ম্যাচে অপরাজিত শতকের পর এ ম্যাচে ৮০ রান করে অপরাজিত থাকা ফ্লেচারকে।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৮৯/৫ (ওয়ালটন ৮৯*, লুইস ৩৯, মিরাজ ৩৬; খালেদ ২/৪০, নাবিল ১/১৫, রুয়েল ১/৩২, মেহেদী ১/৩৭)
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৮২/৫ (ফ্লেচার ৮০*, মুশফিক ৪৩, ইয়াসির ৪৫; নাসুম ১/২৪, মিরাজ ২/৪০, শরীফুল ১/৪৩, মৃত্যুঞ্জয় ১/৩৪)
ফল: চট্টগ্রাম ৭ রানে জয়ী