বিপিএলে আজ খেলা হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেডিয়ামের বাইরে ভিড় ক্রিকেটপ্রেমীদের। ছবি: প্রথম আলো
স্টেডিয়ামের বাইরে ভিড় ক্রিকেটপ্রেমীদের। ছবি: প্রথম আলো
>বিপিএল ফিরেছে ঢাকায়। কিন্তু বাজে আবহাওয়ার জন্য ম্যাচ গড়াবে তো মাঠে?

সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী, জেঁকে বসেছে শীতও। আগের রাতে হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, আজও বৃষ্টি নামতে পারে ঢাকায়। এ কারণে প্রশ্ন উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএলের ম্যাচ গড়াবে তো?

চট্টগ্রাম-পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরেছে বিপিএল। আজ দুপুর ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। সন্ধ্যা ৭টার ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। আজ ছুটির দিন হওয়ায় শেরেবাংলা স্টেডিয়ামে এখনই ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। স্টেডিয়ামের বাইরে টিকিট ক্রেতা থেকে অন্যান্য দর্শকদেরও বিপুল ভিড় দেখা গেল। শীতকে বুড়ো আঙুল দেখিয়ে খেলা দেখতে এসেছেন তাঁরা।

ছুটির দিনে আগেভাগেই স্টেডিয়ামে চলে এসেছেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: প্রথম আলো
ছুটির দিনে আগেভাগেই স্টেডিয়ামে চলে এসেছেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: প্রথম আলো

দুপুরের ম্যাচের দুটি দল এর মধ্যেই স্টেডিয়ামে পা রেখেছে। তাদের দেখে সাড়া পড়েছে স্টেডিয়ামের বাইরে অপেক্ষারত ক্রিকেটমোদীদের মধ্যে। তবে আবহাওয়ার যে অবস্থা তাতে ম্যাচ গড়ানো প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সকাল গড়িয়ে দুপুর নেমে এলেও দেখা মেলেনি সূর্যের। এখনো কুয়াশায় ঢাকা আকাশ, শীতও আছে বেশ। তবে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী ওয়েবসাইট ‘আকুওয়েদার’ জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। মিরপুরে দুপুর ২টায় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না ওয়েবসাইটটি। তার আগেও কোনো সম্ভাবনা নেই।

দুপুর ২টায় মিরপুরের ৫৯ শতাংশ আকাশ মেঘে ঢাকা থাকবে। বাতাসে আর্দ্রতা থাকবে ৫৯ শতাংশ। শিশিরের সঙ্গে আর্দ্রতা থাকায় সন্ধ্যার ম্যাচে বল ধরতে বিপাকে পড়তে পারেন স্পিনাররা। তবে বিকেল ৫টার দিকে আকাশে সূর্য দেখা যেতে পারে, এমন তথ্যই জানিয়েছে আকুওয়েদার।